মশার উৎপাতে অতিষ্ঠ সবাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরপুর ১৪ নম্বর এলাকার জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের বহুতল ভবনের একটি ফ্ল্যাটে সপরিবারে ইফতারের দাওয়াত ছিল গ্রিন রোডের বাসিন্দা আলতাফ হোসেনের। ইফতারে বসে তাঁরা মশার জ্বালায় অতিষ্ঠ। ইফতার শেষে বাসায় ফেরার জন্য গাড়িতে ওঠার পরও মশার কবল থেকে রেহাই পাননি তাঁরা। গাড়ির কাচ খোলা থাকায় দল বেঁধে মশা ঢুকে পড়েছে। মশার উৎপাত চলল সারা রাস্তা।
গত বৃহস্পতিবার ঘটে যাওয়া এই অভিজ্ঞতার বর্ণনা দিতে গিয়ে আলতাফ হোসেন চরম বিরক্তি প্রকাশ করে বলেন, ‘মশা মারার লাখ লাখ লিটার ওষুধ ছিটানোর খবর পড়ি, কিন্তু বাস্তবে ছিটাতে দেখি না। মশার উৎপাতও কমছে না।’
মশার উৎপাতে রমজানে ভোররাতের সাহরি এবং সন্ধ্যার ইফতারে বসেও স্বস্তি পাচ্ছেন না রাজধানীর অনেক এলাকার বাসিন্দা। বিশেষ করে বাসাবোসহ নগরের পূর্বাঞ্চলীয় এলাকা এবং মিরপুর, মোহাম্মদপুরসহ বিভিন্ন এলাকার মানুষ। নগরের বেশির ভাগ স্থানে মশার ওষুধ ছিটানো হচ্ছে না বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। দক্ষিণ সিটি করপোরেশনের ৮ নম্বর ওয়ার্ডের আর কে মিশন রোডের আড়াই লেনের বাসিন্দা শারমিন আক্তার অভিযোগ করেন, ভোররাতে উঠে সাহরির খাবার তৈরি করেন মশার কামড় খেতে খেতে। সাহরির সময়ও মশা, সন্ধ্যায় ইফতার করতে গিয়েও মশা। কত কয়েল জ্বালানো যায়! তিনি স্মরণ করতে পারেন না এলাকায় শেষ কবে মশার ওষুধ ছিটানো হয়েছে।
মুগদার কালভার্ট রোডের বাসিন্দা আবুল মাকসুদ বলেন, প্রতি ওয়ার্ডের জন্য মশা মারার ওষুধের যথেষ্ট বরাদ্দের কথা শুনেছেন। কিন্তু গত চার মাসে চার দিনও ওষুধ ছিটাতে দেখেননি তাঁরা। এলাকার মুগদার ওয়াপদা রোডের কাছে ডোবায় পরিণত হওয়া ঝিলটি এ বছর পরিষ্কার করা হয়নি বলে এলাকার কয়েকজন বাসিন্দা জানান।
মান্ডা এলাকায় গত ফেব্রুয়ারি মাসে মশকনিধন অভিযানের সময় শেষবার ওষুধ ছিটানো হয় বলে জানিয়েছেন এলাকার বাসিন্দা পোশাককর্মী শাহ আলম। সেখানে সেতুর নিচে আবর্জনা ভরা মান্ডা খালটি মশার উৎসস্থল। বাসাবোর কালভার্ট রোডে দেখা গেল, ঢাকনা উপচে ময়লা পানি রাস্তায় ছড়িয়ে আছে। সেখানেও মশা।
দক্ষিণ সিটি করপোরেশনের ২ নম্বর আঞ্চলিক কার্যালয়ের স্বাস্থ্য বিভাগের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলেন, পর্যাপ্ত ওষুধ দূরে থাক, ন্যূনতম ওষুধও পাওয়া যায় না। এলাকার ডোবানালার কচুরিপানা পরিষ্কারের জন্য বিশেষ কোনো বরাদ্দ পাওয়া যায়নি বলে ওই কার্যালয় থেকে জানানো হয়।
মশার বিস্তার পুরান ঢাকার রাজার দেউড়িতেও। এলাকার বাসিন্দা মনিহারি দোকানি মোতাহার হোসেন টেলিফোনে জানান, রমজান শুরুর পর তাঁর দোকানে মশার কয়েল ও স্প্রে খুব বেশি বিক্রি হচ্ছে। মোহাম্মদপুরের পুরো বছিলাজুড়েই মশার উপদ্রব। গতকাল প্রথম আলোর প্রতিবেদককে বাসিন্দারা মশার উপদ্রবে অতিষ্ঠ বলে জানান। কাউন্সিলর তারেকুজ্জামান রাজীব প্রথম আলোকে বলেন, মশার ওষুধ না পাওয়ার কারণে কোথাও ছিটানো যায়নি। তাঁর করার কিছু নেই।
মোহাম্মদপুর রামচন্দ্রপুর খাল, কল্যাণপুর ও পাইকপাড়ার কল্যাণপুর খাল, রূপনগর খালে কচুরিপানা রয়েছে। এসব খাল মশার প্রজননকেন্দ্রে পরিণত হয়েছে। কারওয়ান বাজার ৫ নম্বর আঞ্চলিক কার্যালয় থেকে বলা হয়, গত মার্চে প্রতি মেশিনের জন্য পাঁচ লিটার ওষুধ বরাদ্দ পাওয়া যেত। এখন যা পাওয়া যায়, তা উল্লেখ করার মতো নয়। তবে ওই কার্যালয়ের স্বাস্থ্য কর্মকর্তা মো. ফিরোজ বলেন, যতটা সম্ভব ওষুধ ছিটানো হচ্ছে।