মশা মারার পর্যাপ্ত ওষুধ থাকা সত্ত্বেও এক বছর ধরে ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) মশা নিধন অভিযান বন্ধ রয়েছে। এতে রাজধানীর সব এলাকায় মশার বিস্তার চরম আকার ধারণ করেছে। কয়েল জ্বালিয়ে কিংবা কীটনাশক ছিটিয়েও কাজ হচ্ছে না। পুরান ঢাকার চৌধুরীবাজারে কাশ্মীরিটোলা লেনের বাসিন্দা মজিবুর রহমান বলেন, ‘মনে হয় সন্ধ্যার পর গোটা এলাকা মশার দখলে চলে যায়। কোনো কিছুতেই ওদের নিয়ন্ত্রণ করা যায় না। আগে সপ্তাহে চার-পাঁচ দিন ওষুধ ছিটাত। এখন মাসের পর মাস মশার কামড় খাচ্ছি। কাউকে বলে কোনো প্রতিকার পাচ্ছি না।’ একই অভিযোগ নগরের অন্যান্য এলাকার বাসিন্দাদেরও। অর্থ ও ওষুধ পর্যাপ্ত: ডিসিসির সংশ্লিষ্ট দপ্তরে খোঁজ নিয়ে জানা গেছে, মশা নিয়ন্ত্রণের জন্য ডিসিসি প্রতিবছর কয়েক কোটি টাকা বরাদ্দ করে। চলতি ২০১০-১১ অর্থবছরে এই খাতে ডিসিসির বাজেট ১৬ কোটি টাকা। এর মধ্যে মশার ওষুধের জন্য ১১ কোটি ৫০ লাখ, ওষুধ ছিটানো যন্ত্র কেনার জন্য দুই কোটি এবং নগরের জলাশয়ের কচুরিপানা পরিষ্কার করার জন্য দুই কোটি টাকা বরাদ্দ রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক ডিসিসির একাধিক কর্মকর্তা জানিয়েছেন, এই বরাদ্দের মধ্যে নগরের ১০টি অঞ্চলের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে মশার বংশ নিধনের জন্য এলাকার জলাশয় পরিচ্ছন্নতার জন্য নগদ অর্থও বরাদ্দ দেওয়া হয়। ডিসিসির স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ডিসিসির ভান্ডারে এই মুহূর্তে প্রাপ্তবয়স্ক মশা মারার জন্য ৩৪ হাজার লিটার ওষুধ পড়ে আছে। মশার বংশ নিধনের জন্য ডিম ধ্বংস করতে ১২ হাজার লিটার লিম্বেট রয়েছে এবং ম্যালেরিয়ার জীবাণুবাহী মশা নিধনের জন্য ৭০ হাজার লিটার অয়েলবি ওষুধ রয়েছে।যে কারণে মশা নিয়ন্ত্রণহীন: সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, এক বছর ধরে রাজধানীর জলাশয় পরিষ্কার করার কার্যক্রম বন্ধ রয়েছে। প্রাপ্তবয়স্ক মশা মারার জন্য যন্ত্রের সাহায্যে ওষুধ ছিটাচ্ছেন না স্বাস্থ্যকর্মীরা এবং মশার বংশ নিধনের জন্য ড্রেন ও ডোবা-নালায় ওষুধ ছিটানোর কার্যক্রমও একেবারে বন্ধ হয়ে আছে। তাই নগরজুড়ে এখন শুধু মশা আর মশা।মশা নিধন এভাবে বন্ধ রাখার কারণ জানতে চাইলে ডিসিসির ঊর্ধ্বতন কীট নিয়ন্ত্রক কর্মকর্তা মো. নুরুল ইসলাম বলেন, দুর্নীতি দমন কমিশন (দুদক) মশা নিয়ন্ত্রণকারীদের বিরুদ্ধে মামলা করায় অনেক কর্মকর্তা ও কর্মী এই কাজে আগ্রহ হারিয়ে ফেলেছেন। তাঁরা কাজ করছেন না।খোঁজ নিয়ে জানা গেছে, নগরের মশা নিয়ন্ত্রণের জন্য বরাদ্দ অর্থ আত্মসাতের অভিযোগে ডিসিসির তিনজন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাসহ ১৬ জন কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির মামলা করে দুদক। এর পর থেকে ডিসিসির সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা মশা নিধন অভিযান বন্ধ করে দেন।কর্মকর্তারা জানান, মামলার অভিযোগে বলা হয়েছে, মশা নিধনের জন্য নগরের জলাশয় ও ডোবা-নালা পরিষ্কারের জন্য যে অর্থ বরাদ্দ করা হয়েছে, সেই অর্থ খরচের কোনো হিসাব সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা নগর ভবনের সংশ্লিষ্ট দপ্তরে দেননি। পুরান ঢাকার লক্ষ্মীবাজার ও সংলগ্ন এলাকা নিয়ে ডিসিসির অঞ্চল-২-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা, আজিমপুর এলাকায় অঞ্চল-৩-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা এবং ধানমন্ডি এলাকায় অঞ্চল-৫-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাসহ ১৬ জনের বিরুদ্ধে এই মামলা করা হয়েছে। এ ব্যাপারে জানতে চাইলে ডিসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. নাসির উদ্দিন বলেন, দুদকের মামলার কারণে মশা নিধন অভিযান গতি হারিয়েছে। তবে এখন নগরের ১০টি অঞ্চলে একযোগে অভিযান শুরু করা হয়েছে।