মসলার বাজারে ভিড়, বেশি দাম হাঁকছেন বিক্রেতারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোরবানির ঈদের বাকি আর মাত্র এক দিন। পশু কেনার পরপরই লোকজন তাই ভিড় করছেন মসলার দোকানে। ভিড় বেশি হওয়ায় খুচরা বিক্রেতারা ইচ্ছামতো দাম হাঁকছেন। পাইকারি বাজারের চেয়ে খুচরা বাজারে দামের ব্যবধান অনেক বেশি।পুরান ঢাকার মৌলভীবাজারে প্রতি কেজি এলাচি এক হাজার ৮০০ থেকে দুই হাজার ৪০০ টাকায় পাইকারি বিক্রি হচ্ছে। আর তা দুই হাজার ৬০০ থেকে দুই হাজার ৯০০ টাকায় খুচরা বিক্রি হচ্ছে। অর্থাৎ প্রতি কেজিতে দামের ব্যবধান ৬০০ থেকে ৮০০ টাকা।গতকাল দুপুরে কারওয়ান বাজার থেকে মসলা কিনছিলেন একটি বেসরকারি প্রতিষ্ঠানের প্রকৌশলী নেসার উদ্দিন আহমেদ। তিনি বলেন, গত বছর ৫০০ টাকায় যে পরিমাণ মসলা কেনা হয়েছিল। এ বছর সেই পরিমাণ মসলা এক হাজার ২০০ টাকায় কিনতে হচ্ছে। পাইকারি বাজারে প্রতি কেজি এলাচির দাম শুনে তিনি বলেন, ‘আপনারা বাজারদর লিখলে শুধু পাইকারি বাজারের দাম তুলে ধরবেন। তাহলে আমরা দামের ব্যবধান ধরতে পারব।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘উপায় নেই, তাই বিক্রেতারা যে দাম চাইছেন, সেই দামেই কিনতে হচ্ছে।’পাইকারি ও খুচরা দামের মধ্যে ব্যবধান বেশি হওয়ার কারণ জানতে চাইলে কারওয়ান বাজারের খুচরা বিক্রেতা মোহাম্মদ দুলালের দাবি, খুচরা এলাচি বিক্রি করলে মালের ঘাটতি বেশি হয়। এ কারণে বেশি দামে বিক্রি না করলে তাঁদের লোকসান গুনতে হবে।মৌলভীবাজারের ব্যবসায়ীদের দাবি, এ বছর মসলার দাম বাড়েনি। তবে বিক্রি অনেক কম। বিক্রি কম হওয়ার কারণ জানতে চাইলে পাইকারি ব্যবসায়ী মোমিন উদ্দিন জানান, পশু অ্যানথ্রাক্সে আক্রান্ত হওয়ার কারণে অনেকে কোরবানি দিচ্ছেন না। এ কারণে বিক্রি কম হয়েছে বলে তাঁর ধারণা। তিনি বলেন, রমজান মাসের ঈদে যে পরিমাণ মসলা বিক্রি হয়েছিল, কোরবানি ঈদের তার চেয়ে কম বিক্রি হয়েছে।মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি এলায়েত উল্লাহ প্রথম আলোকে বলেন, এ বছর মসলার পর্যাপ্ত আমদানি থাকায় দাম বাড়েনি। গত দুই বছর এলাচির দাম বাড়লেও এ বছর বাড়েনি। এলাচির দাম আস্তে আস্তে কমে আসবে বলে তিনি জানান।গতকাল পাইকারি বাজারে প্রতি কেজি এলাচি এক হাজার ৮০০ থেকে দুই হাজার ৪০০ টাকা, দারুচিনি ১৮০ টাকা, সাদা গোলমরিচ ৬০০ টাকা, লাল গোলমরিচ ৪১০ টাকা, লবঙ্গ ৬০০ টাকা, জিরা ৩৩৫ টাকা, যত্রিক দুই হাজার ৩৫০ টাকা, জায়ফল ৬০০ টাকা, কাজুবাদাম ৭০০ টাকা, পেস্তাবাদাম এক হাজার ৫৫০ টাকা, কাঠবাদাম ৪৫০ টাকা ও কিশমিশ ২৬০ টাকায় বিক্রি হচ্ছে। খুচরা বাজারে প্রতি কেজি এলাচি দুই হাজার ৬০০ থেকে দুই হাজার ৯০০ টাকা, দারচিনি ১৯০ থেকে ২০০ টাকা, লবঙ্গ ৬২০ থেকে ৬৮০ টাকা, সাদা গোলমরিচ ৬৫০ টাকা, গোলমরিচ ৪৪০ টাকা, জিরা ৩৪০ থেকে ৩৬০ টাকা, কিশমিশ ২৬০ থেকে ২৮০ টাকায় বিক্রি হচ্ছে।