মসলিন উৎসব ৫ ফেব্রুয়ারি থেকে
রাজধানীতে ৫ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মাসব্যাপী মসলিন উৎসব।
মসলিন তৈরি হতো ‘ফুটি কার্পাস’ নামের একধরনের সূক্ষ্ম তুলা থেকে। উৎসবের আয়োজক প্রতিষ্ঠান দৃকের প্রধান নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম ২০১৪ সাল থেকে এ নিয়ে গবেষণা শুরু করেন। একসময় ভারতের জয়পুরে ফুটি কার্পাসের কাছাকাছি প্রজাতির তুলার বীজ পান। সেই তুলা থেকে তৈরি হয়েছে নতুন এই মসলিন কাপড়, যার মান ঢাকাই মসলিনের কাছাকাছি।
গতকাল রোববার জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সাইফুল ইসলাম। এ উৎসবে অনেকগুলো আয়োজন থাকছে। ৫ ফেব্রুয়ারি দৃক, আড়ং ও জাতীয় জাদুঘরের যৌথ আয়োজনে জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে শুরু হবে মসলিন প্রদর্শনী। আগামী ৩ মার্চ পর্যন্ত এখানে দর্শকেরা দেখতে পাবেন মসলিন-সংক্রান্ত শিল্পকর্ম। জানা যাবে মসলিনকে ঘিরে নানা গল্প। থাকবে দৃক বেঙ্গল মসলিন টিমের বোনা নতুন মসলিন শাড়ি। অনুষ্ঠানে আন্তর্জাতিক মানের গবেষণাগ্রন্থ মসলিন: আওয়ার স্টোরির মোড়ক উন্মোচন করা হবে। এ ছাড়া লিজেন্ড অব দ্য লুম নামের ৪৫ মিনিটের একটি প্রামাণ্যচিত্রের ট্রেলারও এদিন দেখানো হবে।