মহাখালী থেকে জেএমবি সদস্য গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রেপ্তার
প্রতীকী ছবি

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন মহাখালী বাস টার্মিনাল এলাকা থেকে জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) এক সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম ইনভেস্টিগেশন বিভাগ। ওই ব্যক্তির নাম মোজাফফর আলী ওরফে শাহীন (৩৫)।

কাউন্টার টেররিজম ইনভেস্টিগেশন বিভাগ সূত্রে জানা যায়, গ্রেপ্তার হওয়া শাহীন নিষিদ্ধ ঘোষিত সংগঠন জেএমবির একজন সক্রিয় সদস্য। তিনি ২০০৯ সালে এ সংগঠনে যোগদান করে ‘দাওয়াতি’ কার্যক্রমে অংশগ্রহণ ও শারীরিক প্রশিক্ষণ নেন।

সংগঠনে যোগদানের আগে থেকেই তিনি সদস্য ও অর্থ সংগ্রহের কাজ করতেন। বিভিন্ন সময় জেএমবির জন্য অর্থ সংগ্রহ করতে গিয়ে তিনি ডাকাতি ও ছিনতাই করেছেন।

পুলিশ জানায়, ২০১৪ সালে সশস্ত্র সন্ত্রাসী দল ত্রিশালে পুলিশের প্রিজন ভ্যানে হামলা করে জেএমবির তিন নেতা সালাউদ্দিন সালেহীন, বোমা মিজান ও হাফিজ মাহমুদকে ছিনিয়ে নেয়। এরপরই শাহীন আত্মগোপনে চলে যান। ঢাকার আমিন বাজার ও রাঙামাটি জেলায় অবস্থান করে তিনি গোপনে জেএমবির হয়ে কাজ করতে থাকেন।

ত্রিশালে প্রিজন ভ্যানে হামলার ঘটনায় মোজাফফরের ছোট ভাই আল আমিন (৩২) গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে আছেন।

এ ঘটনায় মোজাফফরের বিরুদ্ধে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলা হয়েছে। তাঁর অন্য সহযোগীদের গ্রেপ্তার অভিযান অব্যাহত আছে।