মহাখালী থেকে বিমানবন্দর পর্যন্ত দীর্ঘ যানজট
মহাখালী থেকে টঙ্গী পর্যন্ত এলাকায় গতকাল মঙ্গলবার বিকেল পাঁচটা থেকে সৃষ্টি হয় অসহনীয় যানজট। পথে আটকা পড়ে এ সময় হাজার মানুষকে ভোগান্তিতে পড়তে হয়। প্রচণ্ড গরমে অতিষ্ঠ হয়ে অনেকে যানবাহন থেকে নেমে দীর্ঘ পথ হেঁটে পাড়ি দেয়।
ট্রাফিক পুলিশের দায়িত্বশীল এক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, আওয়ামী লীগের সাংসদ এ কে এম রহমতউল্লাহ গতকাল বিদেশ থেকে দেশে ফেরেন। তাঁকে স্বাগত জানাতে আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতা-কর্মী গতকাল বিমানবন্দরে যান। এসব লোকজনের আগমনের কারণে রাস্তায় যানজটের সৃষ্টি হয়।
বিমানবন্দর সূত্র জানায়, গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টায় দিকে সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি উড়োজাহাজে সাংসদ রহমতউল্লাহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন। তাঁকে স্বাগত জানাতে বিকেল পাঁচটা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে হযরত শাহজালাল বিমানবন্দর চত্বরে আসেন নেতা-কর্মীরা। এতে দুই দিকের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। রাত সাড়ে নয়টা পর্যন্ত যানজটে আটকা পড়ে ভ্যাপসা গরমে যাত্রীদের দুর্ভোগ অবর্ণনীয়। এ অবস্থায় কেউ কেউ অসুস্থও হয়ে পড়ে। এ দৃশ্য পুলিশের দাঁড়িয়ে দেখা ছাড়া আর কিছুই করার ছিল না।
বেসরকারি একটি প্রতিষ্ঠানের কর্মকর্তা রাত নয়টায় প্রথম আলোকে ফোনে বলেন, তিনি গাজীপুর থেকে সন্ধ্যা সাড়ে ছয়টায় ঢাকার উদ্দেশে রওনা দিয়ে যানজটে আটকে আছেন। গাজীপুর চৌরাস্তা থেকে টঙ্গী সেতু পর্যন্ত আসতে তাঁর সময় লেগেছে আড়াই ঘণ্টা। আগারগাঁওয়ের তালতলার বাসায় তিনি কখন ফিরতে পারবেন জানেন না।
রাত সাড়ে নয়টায় যোগাযোগ করা হলে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক উত্তর বিভাগের উপকমিশনার প্রবীর কুমার রায় প্রথম আলোকে বলেন, সাংসদকে সংবর্ধনা জানাতে লোকজন রাস্তায় অবস্থান নেওয়ায় যানজটের সৃষ্টি হয়। তারা রাস্তা থেকে সরে যাওয়ায় রাত নয়টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।
সাংসদ এ কে এম রহমতউল্লাহ সম্প্রতি ঢাকা মহানগর আওয়ামী লীগের (উত্তর) সভাপতি নির্বাচিত হয়েছেন।