মহাখালীতে গুলিতে আহত গাড়িচালকের অবস্থা আশঙ্কাজনক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহাখালীতে দুর্বৃত্তদের গুলিতে আহত গাড়িচালক তোফাজ্জল হোসেনের (৪০) অবস্থা আশঙ্কাজনক। গতকাল মঙ্গলবার তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে।
বনানী থানার পরিদর্শক (তদন্ত) মো. ওয়াহিদুজ্জামান বলেন, সোমবার রাত ১১টার দিকে মোটরসাইকেলে করে মহাখালীর ওয়্যারলেস গেটের পাশে এলে কয়েকজন দুর্বৃত্ত তোফাজ্জলকে গুলি করে পালিয়ে যায়। পরে পথচারীরা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। এ ব্যাপারে থানায় কেউ কোনো অভিযোগ করেনি। তোফাজ্জল বারিধারার আবদুর রউফ নামে এক ব্যক্তির ব্যক্তিগত গাড়ির চালক। স্ত্রীসহ তিনি মহাখালীর ন্যাশনাল ইনস্টিটিউট অব ক্যানসার রিসার্চ অ্যান্ড হসপিটালের কোয়ার্টারে থাকেন।
গতকাল রাতে তোফাজ্জলের স্ত্রী ফরিদা বেগম বলেন, বারিধারা থেকে প্রতিদিন মোটরসাইকেলে করেই তোফাজ্জল বাসায় ফিরতেন। ঘটনার পর মোটরসাইকেলটি পুলিশ বনানী থানায় নিয়ে গেছে। তোফাজ্জলের সঙ্গে থাকা কোনো কিছুই খোয়া যায়নি। তিনি বলেন, তোফাজ্জলের শারীরিক অবস্থা খুবই খারাপ। তাঁর মেরুদণ্ড, ঘাড় ও হাতে গুলি লেগেছে। বাঁ-হাত ভেঙে গেছে। পা ঠিকমতো কাজ করছে না।