মহাখালীর বাসা থেকে যুবকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মহাখালী থেকে গত শনিবার রাতে এক যুবকের (২৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম প্রথম আলোকে বলেন, নিহত যুবকের নাম জানা যায়নি। তবে ওই যুবকের বাবার নাম আবদুর রহমান। তিনি মহাখালী এলাকার একটি বাড়ির নিরাপত্তাকর্মী। বাড়ির তৃতীয় তলার ছাদে একটি কক্ষে তিনি থাকেন। শনিবার বিকেলে ওই কক্ষ থেকে যুবকের লাশ উদ্ধার করা হয়। যুবকের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। বাড়িওয়ালা আলমগীর হাওলাদারের বরাত দিয়ে ওসি জানান, শনিবার বিকেলের দিকে আবদুর রহমান বাড়িওয়ালাকে ফোন করে জানান, তাঁর ছেলে আত্মহত্যা করেছে। গৃহকর্তা দেখেন এক যুবকের লাশ বিছানার ওপর পড়ে আছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠায়। তবে ঘটনার পর থেকে আবদুর রহমানকে আর খুঁজে পাওয়া যায়নি। ওসি শাহ আলম বলেন, কোনো কারণে বাবা আবদুর রহমানের মারধরে ওই যুবকের মৃত্যু হয়েছে। এ ব্যাপারে হত্যা মামলা হয়েছে। বাড়িওয়ালা আলমগীর হাওলাদার সাংবাদিকদের বলেন, আবদুর রহমান দুই বছর ধরে তাঁর বাড়িতে কাজ করছেন। তিনি ওই কক্ষে একাই থাকতেন। শনিবার ফোন করে তাঁর ছেলের মৃত্যুর খবর জানালেও তিনি বাসায় ফেরেননি। তিনি গ্রামের বাড়ি ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ এলাকায় চলে যাচ্ছেন বলেই ফোন বন্ধ করে দেন। নিহত যুবক কখন এসেছিলেন তা তিনি জানেন না বলে জানান। সড়ক দুর্ঘটনা: রাজধানীর ধানমন্ডি এলাকায় গতকাল রোববার সকালে গাড়ির ধাক্কায় মো. সুজন (২৫) নামের এক যুবক মারা গেছেন। ধানমন্ডি থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) শহীদুল ইসলাম প্রথম আলোকে বলেন, গতকাল সকাল আটটার দিকে মো. সুজন কলাবাগান শিশুপার্কের পশ্চিমে রাসেল স্কোয়ারসংলগ্ন সড়ক পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগামী একটি গাড়ি তাঁকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। নিহতের শার্টের পকেট থেকে পাওয়া পাসপোর্ট দেখে পরিচয় সম্পর্কে নিশ্চিত হয় পুলিশ। নিহত সুজনের গ্রামের বাড়ি ভোলার চরফ্যাশন উপজেলার চর নূরুল আমিন এলাকায়। বাবার নাম মো. আবুল কালাম বলে পুলিশ জানায়।