মহাখালীর সাততলা বস্তি উচ্ছেদ হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের বেহাত হয়ে যাওয়া ৫০ একর জায়গা উচ্ছেদে কমিটি গঠন করেছে সরকার। স্বাস্থ্য মন্ত্রণালয়ের নেতৃত্বাধীন ওই কমিটিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পূর্ত মন্ত্রণালয়, র‍্যাব ও ঢাকা মহানগর পুলিশ, জেলা প্রশাসন ও স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধিরা থাকছেন। আজ বুধবার কমিটির কর্মপরিকল্পনা ঠিক করার কথা রয়েছে।

গতকাল মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে আয়োজিত এক বৈঠকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বেহাত হয়ে যাওয়া জমি উদ্ধারের সিদ্ধান্ত হয়। এ কাজে স্বাস্থ্যমন্ত্রী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা চান। বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও উপস্থিত ছিলেন। এ ছাড়া ছিলেন র‍্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ, ঢাকা মহানগর পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া, স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পূর্ত মন্ত্রণালয় ও সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। স্বাস্থ্যমন্ত্রী প্রাথমিকভাবে ৭ মার্চের মধ্যে মহাখালীর বস্তি উচ্ছেদের প্রস্তাব করেন। তবে বৈঠকে উপস্থিত পক্ষগুলো এত অল্প সময়ে সাততলা বস্তি উচ্ছেদ করা কষ্টকর হবে বলে মত দেয়। পরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফয়েজ
আহমেদের নেতৃত্বে সব পক্ষের প্রতিনিধিদের নিয়ে একটি কমিটি গঠন করা হয়।

বেহাত হওয়া জায়গায় স্বাস্থ্য মন্ত্রণালয় অটিজম সেন্টারসহ মোট সাতটি প্রতিষ্ঠানের ভবন নির্মাণ করতে চায়। বৈঠকে উপস্থিত একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানায়, মহাখালীর সাততলা বস্তিতে প্রায় ৫০ হাজার মানুষ আছে, রাজনৈতিক নেতাদেরও সম্পৃক্ততা আছে।

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বৈঠকে বলেন, বেদখল হওয়া জায়গাগুলোয় সন্ত্রাস ও মাদকের আস্তানা গড়ে উঠেছে। রাজধানীর পরিষ্কার-পরিচ্ছন্নতা, নিরাপত্তা ও যানজটের কারণ হয়ে দাঁড়িয়েছে এ স্থাপনাগুলো। জনগণের স্বার্থেই এসব অবৈধ দখল উচ্ছেদের সময় এসেছে।

এদিকে সাততলা বস্তির একাধিক বাসিন্দা প্রথম আলোকে বলেছেন, হাইকোর্টের রায় আছে পুনর্বাসনের ব্যবস্থা না করে উচ্ছেদ করা যাবে না। এ আদেশের বলেই তাঁরা সাততলা বস্তিতে থাকছেন।