মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকীতে শহীদ মিনারে শান্তি সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মহাত্মা গান্ধী

অহিংস আন্দোলনের পুরোধা মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী উপলক্ষে শান্তি সমাবেশ করেছে গান্ধী স্মারক সনদ। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে ১৫২তম জন্মবার্ষিকীতে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাতে এ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে মহাত্মা গান্ধী স্মারক সনদের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ নাসিফ মকসুদ প্রথম আলোকে বলেন, মহাত্মা গান্ধী চিরস্মরণীয় হয়ে আছেন শুধু ভারতীয় স্বাধীনতা সংগ্রামের নেতা হিসেবে নয়, বরং অহিংস পদ্ধতিতে যেকোনো অন্যায়–অবিচার ও হানাহানির বিরুদ্ধে সংগ্রাম করার কারণে বিশ্বের মানুষের কাছে অহিংস আন্দোলনের পুরোধা হিসেবে তিনি চিরকাল শ্রদ্ধাভাজন থাকবেন। তিনি বলেন, তাঁর এ অহিংস নীতি চিরকাল মানুষকে পথ দেখাবে।

শান্তি সমাবেশে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ হাফিজুর রহমান, গ্রিন ভয়েসের সমন্বয়ক আলমগীর কবির, মো. আবদুল মান্নান, গান্ধী স্মারক সনদের সমন্বয়ক কবির সুমন ও মাসুদুর রহমান।