মহান বিজয় দিবসে বিভিন্ন সংগঠনের কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহান বিজয় দিবস ও স্বাধীনতার ৪০ বছর পূর্তি উপলক্ষে আজ শুক্রবার রাজধানীর বিভিন্ন স্থানে রাজনীতিক, সামাজিক, সাংস্কৃতিক ও নাগরিক সংগঠনগুলো বিভিন্ন কর্মসূচি নিয়েছে।সকাল সাড়ে সাতটায় ঢাকা মহানগর পুলিশের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে পুলিশ লাইনস স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করবেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। এতে পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন। সকাল ১০টায় সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে শহীদ মিনার প্রাঙ্গণ থেকে বের হবে বিজয় শোভাযাত্রা। যুদ্ধাপরাধীদের বিচার-প্রক্রিয়ায় সব ষড়যন্ত্রের বিরুদ্ধে দৃঢ় প্রত্যয় ঘোষিত হবে এ শোভাযাত্রায়। বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার এ শোভাযাত্রার উদ্বোধন করবেন। মুক্তিযুদ্ধ জাদুঘরের উদ্যোগে জাদুঘর প্রাঙ্গণে সকাল ১০টা থেকে অনুষ্ঠিত হবে শিশু-কিশোরদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান। সন্ধ্যা ছয়টায় টাঙ্গাইলের নিপেন পালের নেতৃত্বে পরিবেশিত হবে সঙযাত্রা। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন সন্ধ্যা ছয়টায় গুলশান পার্কে মুক্তিযুদ্ধভিত্তিক ছবি গেরিলা প্রদর্শন করবে। মুক্তিযুদ্ধ ও দেশের উন্নয়নভিত্তিক ‘গৌরবময় অতীত সমৃদ্ধ ভবিষ্যৎ’ শীর্ষক আলোকচিত্রের ভ্রাম্যমাণ প্রদর্শনীর উদ্যোগ নিয়েছে ব্র্যাক। বেলা সাড়ে তিনটা থেকে শুরু হবে সেক্টর কমান্ডারস ফোরামের উদ্যোগে সোহরাওয়ার্দী উদ্যানে বিজয় দিবসের অনুষ্ঠান।বিজয় দিবস উপলক্ষে নিজ নিজ কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সাভারের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, বিজয় শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করেছে বিভিন্ন রাজনৈতিক দল। এ ছাড়া বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণসহ সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করেছে।