মহানগর দায়রা জজ আদালতে শুধুই সংকট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মহানগর দায়রা জজ আদালতে সংকট আর সংকট। একজন বিচারক দিয়ে চলছে একাধিক আদালতের বিচারকাজ। আদালতের নিরাপত্তা, নথি সংরক্ষণ ইত্যাদির জন্য যথেষ্ট জনবল ও সুবিধা নেই। এর ফলে মামলাজট বাড়ছেই।আদালত সূত্র জানায়, মহানগর দায়রা জজ আদালতের অধীনের ১২টি আদালতে হত্যা, বিস্ফোরক, দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজিসহ ৪৬ হাজার ২৭৪টি মামলা বিচারাধীন।আদালতের প্রশাসনিক কর্মকর্তা সৈয়দ শাহাবুদ্দিন বলেন, ১৩টি আদালতের মধ্যে প্রথম ও দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে প্রায় ছয় মাস ও পঞ্চম সহকারী জজ আদালতে দেড় বছর ধরে বিচারক নেই। সূত্র জানায়, বিডিআর বিদ্রোহের ঘটনায় হত্যা ও বিস্ফোরকদ্রব্য আইনে করা মামলার বিচার শুরু হওয়ার পর রাজধানীর বকশীবাজার এলাকায় স্থাপিত বিশেষ এজলাসে বিচারকাজ চলছে। এ কারণে ঢাকা মহানগর দায়রা জজ মো. জহুরুল হককে সপ্তাহে তিন দিন সেখানে বিচারকাজ চালাতে হয়। এই তিন দিন তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আখতারুজ্জামান ভারপ্রাপ্ত বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া বিচারকশূন্য দুই আদালতেরও দায়িত্ব পালন করতে হয়। আইনজীবীরা বলেন, এই দুটি আদালতে বিচারক নিয়োগ দেওয়া হলে বিচারপ্রার্থীরা উপকৃত হবেন। ঢাকা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক কাজী নজিবুল্লাহ বলেন, বিচারক-সংকট ছাড়াও বিচারকদের গাড়ি আছে তো চালক নেই। আদালতের কক্ষ পরিষ্কার করার জন্য নেই ঝাড়ুদার। আইনজীবী-বিচারপ্রার্থীদের নকল সরবরাহ করার ক্ষেত্রে নেই লোকবল। এসব বিষয় সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অবহিত করেও কোনো কাজ হয়নি।আদালতের নিরাপত্তার দায়িত্ব দৈনিক মজুরিতে নিযুক্ত চার কর্মীর ওপর। ২০০৭ সাল থেকে মন্ত্রণালয়ের নির্দেশে ৮০ টাকা দৈনিক মজুরিতে তাঁদের নিয়োগ করা হয়। এ ছাড়া ১২ জন বিচারকের আদালতে যাওয়ার জন্য রয়েছে একটিমাত্র মাইক্রোবাস।এক টাইপিস্ট ও এক তুলনাকারী দিয়ে চলছে নকলখানার কাজ। ২০১০ সালে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালত থেকে তিনজন টাইপিস্ট নেওয়া হয়। এর পরও প্রয়োজনমতো নকল সরবরাহ করা যাচ্ছে না।বিচারাধীন ৪৬ হাজার ২৭৪টি মামলার নথি সংরক্ষণেরও সুব্যবস্থা নেই। এজলাসকক্ষে রাখায় অনেক গুরুত্বপূর্ণ মামলার নথি নষ্ট হয়ে যাচ্ছে।মহানগর দায়রা জজ আদালতের নাজির উবায়দুল করিম আকন্দ বলেন, ‘অনেক ক্ষেত্রে দেখা যায়, মামলার নথির শ্রেণীবিন্যাস করা না থাকায় নথি খুঁজে পেতে সমস্যা হয়। নথি সংরক্ষণে আলাদা কক্ষ প্রয়োজন।’ ট্রাইব্যুনালের অতিরিক্ত সরকারি কৌঁসুলি এ এফ এম রেজাউল করিম বলেন, বিচারক-সংকট দূর করার পাশাপাশি আদালতের অবকাঠামোগত উন্নয়ন করতে হবে, তা না হলে মামলাজট বাড়বে।