মহানগর পরিবহন কর্তৃপক্ষ প্রতিষ্ঠার দাবি বাপার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কার্যকর নগর যোগাযোগ-ব্যবস্থা গড়ে তুলতে মহানগর পরিবহন কর্তৃপক্ষ প্রতিষ্ঠার দাবি জানিয়েছে পরিবেশবাদী সংগঠন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)। এ জন্য ঢাকা ট্রান্সপোর্ট কন্ট্রোল বোর্ডকে (ডিটিসিসি) শক্তিশালী ও কার্যকর করারও সুপারিশ করেছে সংগঠনটি।গতকাল শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচিতে এই দাবি জানায় বাপা। মানববন্ধনে বক্তারা বলেন, দুঃসহ যানজট রাজধানী ঢাকাকে ক্রমশ অচল করে দিচ্ছে। যানজটের কারণে সৃষ্ট অচলাবস্থার কারণে অনেক উদ্যোক্তা বিনিয়োগে উৎসাহ হারিয়ে ফেলছেন। বক্তারা বলেন, শহরভিত্তিক উন্নয়ন ধারার কারণে সারা দেশ থেকে মানুষ ঢাকায় এসে জড়ো হচ্ছে। প্রয়োজন অনুযায়ী শহরের অবকাঠামো বাড়ানো যাচ্ছে না। এসব সমস্যার সমাধানে বেশ কিছু পদক্ষেপ নেওয়ার দাবি জানায় বাপা। এর মধ্যে ঢাকামুখী অভিবাসন বন্ধে পদক্ষেপ নেওয়া, গণপরিবহন-ব্যবস্থাকে প্রাধান্য নিয়ে প্রাইভেট গাড়ির সংখ্যা নিয়ন্ত্রণে যথাযথ ব্যবস্থা নেওয়া, পরিকল্পিতভাবে নতুন সড়ক নির্মাণ অন্যতম।বাপার নেতা মহিদুল হক খান, ইকবাল হাবিব, আলমগীর কবির, সিটিজেন রাইটস মুভমেন্টের তুষার রেহমান বক্তব্য দেন। বিজ্ঞপ্তি।