মহানবী (সা.)-কে কটাক্ষ করে চলচ্চিত্র নির্মাণে ধর্ম প্রতিমন্ত্রীর নিন্দা
পবিত্র ধর্ম ইসলাম ও মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে কটাক্ষ করে নির্মিত চলচ্চিত্র এবং এর নির্মাতার প্রতি নিন্দা প্রকাশ করে ধর্ম প্রতিমন্ত্রী মো. শাহজাহান মিয়া গতকাল রোববার লিখিত বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে প্রতিমন্ত্রী বলেন, পবিত্র ইসলাম ধর্মের অবমাননা এবং মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে কটাক্ষ ও ব্যঙ্গ করে যুক্তরাষ্ট্রে ইনোসেন্স অব মুসলিমস নামে ঘৃণ্য চলচ্চিত্র নির্মাণের ঘটনায় সারা বিশ্বের মতো বাংলাদেশের মুসলমানেরাও গভীরভাবে বিক্ষুব্ধ, ব্যথিত ও মর্মাহত।বিবৃতিতে তিনি চলচ্চিত্রটি নির্মাণের সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট দায়ী ব্যক্তিদের অবিলম্বে বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিসহ ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা কটাক্ষমূলক চলচ্চিত্রটির সব ধরনের প্রদর্শন বন্ধের জোর দাবি জানান। এ ছাড়া বিবৃতিতে ধর্ম প্রতিমন্ত্রী বাংলাদেশের মুসলিম জনগণের পক্ষে সারা বিশ্বের মুসলিম উম্মাহর সঙ্গে এ বিষয়ে সংহতি ও একাত্মতা প্রকাশ করেন। একই সঙ্গে প্রতিমন্ত্রী জনগণকে সহিংসতা পরিহার করে ধৈর্য ও সহনশীলতার সঙ্গে নিয়মতান্ত্রিক পন্থায় এর প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশের আহ্বান জানান।