ঢাকা চিড়িয়াখানার উন্নয়নে বিভিন্নমুখী কয়েকটি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে রয়েছে জনবল বৃদ্ধি, কর্মীদের দক্ষতা বাড়ানোর উদ্যোগ, অবৈধ বস্তি উচ্ছেদ করে চিড়িয়াখানার জমি উদ্ধার এবং এর নাম পরিবর্তন করে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা হিসেবে ঘোষণা করা। ঢাকা চিড়িয়াখানার উন্নয়নে গঠিত উপদেষ্টা কমিটির প্রথম বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। সম্প্রতি মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসের সভাপতিত্বে চিড়িয়াখানার সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, উপদেষ্টা কমিটির বৈঠকে চিড়িয়াখানার উন্নয়নে একটি মহাপরিকল্পনা প্রণয়নেরও সিদ্ধান্ত নেওয়া হয়। জানতে চাইলে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস গতকাল শনিবার প্রথম আলোকে বলেন, ঢাকা চিড়িয়াখানাকে বিশ্বমানে উন্নীত করার জন্য মন্ত্রণালয় বিভিন্ন উদ্যোগ নিয়েছে। চিড়িয়াখানার জনবল বাড়ানোসহ অন্য সব সমস্যা সমাধানের জন্য পৃথক জনবল কাঠামোর প্রস্তাব করা হয়েছে, যা বর্তমানে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিবেচনার জন্য রয়েছে। এই জনবলকাঠামো অনুমোদন করা হলে ঢাকা চিড়িয়াখানার জন্য প্রয়োজনীয় লোকবল বাড়ানোসহ অন্য সুবিধা বাড়ানো যাবে। সংশ্লিষ্ট সূত্র জানায়, মিরপুর শাহ আলী থানার গুদারাঘাট এলাকায় চিড়িয়াখানার দুই একর জমিতে বস্তি গড়ে উঠেছে। উদ্যোগ নিয়েও বিভিন্ন কারণে এত দিন তা উচ্ছেদ করা যায়নি। এ বস্তি উচ্ছেদ করে চিড়িয়াখানার জমি দখলে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। উদ্ধার করা জমিতে সীমানাপ্রাচীর করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।উপদেষ্টা পরিষদের বৈঠকে চিড়িয়াখানার কর্মকর্তা-কর্মচারীদের ঝুঁকিভাতা দেওয়া এবং চিড়িয়াখানার জনবল প্রয়োজনের তুলনায় অনেক কম উল্লেখ করে তা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। সূত্রমতে, পশুপাখির দেখাশোনা এবং দর্শনার্থীর নিরাপত্তা নিশ্চিত করার জন্য ঢাকা চিড়িয়াখানায় বিভিন্ন পদে প্রায় তিন শত কর্মকর্তা ও কর্মচারী রয়েছেন।