মহাসড়কে বিভাজক তৈরি করা হবে
দেশের ৩৬ ফুট বা তার বেশি চওড়া মহাসড়কগুলোতে বিভাজক তৈরি করা হবে। এসব সড়ক চিহ্নিত করার জন্য এরই মধ্যে দেশের সব জেলায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের প্রকৌশলীদের চিঠি দেওয়া হয়েছে। সওজের প্রধান প্রকৌশলী আবদুল খালেক বিষয়টি জানিয়েছেন।গতকাল সোমবার ‘আন্তর্জাতিক সড়ক যাচাইকরণ কর্মসূচির (আইআরএপি) এন-২ (ঢাকা-সিলেট) ও এন-৩ (ঢাকা-ময়মনসিংহ) মহাসড়কের প্রাথমিক যাচাই ফলাফল উপস্থাপন’ শীর্ষক এক কর্মশালায় তিনি এ কথা বলেন। রাজধানীর ব্র্যাক সেন্টারে ব্র্যাকের উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় বাংলাদেশের সড়ক যোগাযোগ নিয়ে কাজ করে এমন বিভিন্ন সরকারি, বেসরকারি ও আন্তর্জাতিক সংস্থার কর্তাব্যক্তিরা উপস্থিত ছিলেন।আইআরএপির দুটি সড়ক যাচাই ফলাফল উপস্থাপন করেন সংস্থাটির এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আঞ্চলিক পরিচালক গ্রেগ স্মিথ। তিনি তাঁর পর্যবেক্ষণে এ দুটি মহাসড়কে দুর্ঘটনার কারণগুলো তুলে ধরেন। ত্রুটিপূর্ণ নকশা আর সড়ক-বিভাজক না থাকার কারণে অধিকাংশ দুর্ঘটনা ঘটছে বলে তিনি উল্লেখ করেন।পরে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে সওজের প্রধান প্রকৌশলী আবদুল খালেক বলেন, ‘আগে আমরা শুধু সড়ক তৈরি করতাম। কিন্তু এখন আমরা শুধু সড়ক নয়, নিরাপদ সড়ক বানানোর চেষ্টা করছি। তবে ঠিকাদারেরা এখনো সড়ককে নিরাপদ করার চেয়ে যেনতেন প্রকারে বেশি করে সড়ক তৈরির জন্য সরকারকে উৎসাহিত করছে।’বছরে ক্ষতি পাঁচ হাজার কোটি টাকা: কর্মশালার উপস্থাপনায় বলা হয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ী বাংলাদেশে সড়ক দুর্ঘটনায় প্রতিদিন গড়ে ৫০ জন মানুষ মারা যায়। আহত-বিকলাঙ্গ হয় আরও অনেক মানুষ। আর সড়ক দুর্ঘটনায় আহত-নিহত ব্যক্তিদের বেশির ভাগই দরিদ্র। তাদের বয়স ১০ থেকে ২৪ বছরের মধ্যে। জীবনের ক্ষতি, সম্পদের ক্ষতি—সব মিলিয়ে বছরে প্রায় পাঁচ হাজার কোটি টাকার ক্ষতি হয় শুধু সড়ক দুর্ঘটনায়, যা আমাদের মোট জাতীয় আয়ের (জিডিপি) ২ শতাংশ।কর্মশালায় স্বাগত বক্তব্য দেন ব্র্যাকের পরিচালক আহমেদ নাজিমুল হুসেইন। প্রকল্পের সংক্ষিপ্ত বর্ণনা করেন সড়ক নিরাপত্তা ও যান চলাচলবিষয়ক এফআইএ ফাউন্ডেশনের শারিকা ইস্পাহানি।চাই সড়ক নিরাপত্তা সংস্থা: কর্মশালার সঞ্চালক বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক মাজহারুল হক পরে সাংবাদিকদের বলেন, ‘সড়ক দুর্ঘটনা একটা রোগ। বাংলাদেশে এটাকে বলা যায় মানবসৃষ্ট মহামারি। অন্য কোনো রোগে এত বিপুলসংখ্যক মানুষ মারা যায় না, যত মারা যায় সড়ক দুর্ঘটনায়। দেশে ১০ থেকে ১৪ বছরের শিশুমৃত্যুর একক কারণ হিসেবে সড়ক দুর্ঘটনা অন্যতম।’মাজহারুল হক বলেন, বাংলাদেশে সড়ক নির্মাণ সংস্থা আছে, যানবাহন নিয়ন্ত্রক সংস্থা আছে, কিন্তু সড়ক নিরাপত্তার কোনো বিশেষ সংস্থা নেই। মহাসড়কে জীবনের নিরাপত্তা বিধানের জন্য এ ধরনের একটি সংস্থা এখন অত্যাবশ্যক হয়ে উঠেছে; যে সংস্থা নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে সড়কগুলোর নির্মাণকাজ তদারক করবে, যানবাহন চলাচল-উপযোগী কি না তা নিশ্চিত করবে এবং যান চলাচল নিয়ন্ত্রণ তদারক করবে। সর্বোপরি কোনো দুর্ঘটনা ঘটলে যাত্রীদের তাৎক্ষণিক চিকিৎসাসেবাসহ অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।মাজহারুল হক আরও বলেন, বাংলাদেশে সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের মধ্যে ৫৫ শতাংশ মারা যায় দুর্ঘটনাস্থলেই। আর ৩৫ শতাংশের মৃত্যু ঘটে দুর্ঘটনার এক থেকে দুই ঘণ্টার মধ্যে। তাই দুর্ঘটনার পরপর এদের জন্য দ্রুত উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করা গেলে মৃত্যুর সংখ্যা অনেক কমানো সম্ভব। এতে মানুষের অঙ্গহানি বা অসুস্থতার হারও কমানো সম্ভব।