মহাসড়কে মোটরসাইকেল: বিকেল পর্যন্ত অনুমতি নিয়েছেন সাতজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পবিত্র ঈদুল আজহার ছুটিতে জরুরি প্রয়োজনে এক জেলা থেকে অন্য জেলায় মোটরসাইকেলে যাতায়াত করা যাবে। তবে এ ক্ষেত্রে পুলিশের লিখিত অনুমতি লাগবে
ছবি: সংগৃহীত

সড়ক দুর্ঘটনারোধে আজ বৃহস্পতিবার থেকে এক সপ্তাহ মহাসড়কে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ হয়েছে। এ সময় মোটরসাইকেলে এক জেলা থেকে অন্য জেলায় যাতায়াতও বন্ধ থাকছে। তবে জরুরি প্রয়োজনে কারও মোটরসাইকেলে চলাচলের প্রয়োজন হলে পুলিশের অনুমতি নিতে বলেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

আজ সকাল থেকে ডিএমপির ট্রাফিক বিভাগের উপকমিশনারদের কার্যালয়ে আবেদন করে এ অনুমতি নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। তবে বেলা সাড়ে তিনটা পর্যন্ত মাত্র সাতজনের অনুমতি নেওয়ার কথা জানা গেছে।

ঢাকার চারটি বড় প্রবেশমুখের একটি আবদুল্লাহপুর। এটি ট্রাফিক উত্তরা বিভাগের অধীনে। এ বিভাগের উপকমিশনার (ডিসি) সাইফুল হক প্রথম আলোকে বলেন, বেলা সাড়ে তিনটা পর্যন্ত তাঁর কাছ থেকে সাতজন লিখিত অনুমতি নিয়েছেন।

ঢাকার আরেক প্রবেশমুখ পুরান ঢাকার বাবুবাজার সেতু। এলাকাটি পড়েছে ট্রাফিক পুলিশের লালবাগ বিভাগে। এ বিভাগের ডিসি মেহেদী হাসান প্রথম আলোকে বলেন, তাঁদের কাছ থেকে আজকে কেউ লিখিত অনুমতি নেননি। তবে বাবুবাজার ব্রিজ এলাকায় বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন। মোটরসাইকেল আসা-যাওয়ার বিষয়টি তিনি তদারকি করছেন। পুলিশ তাঁকে সহায়তা করছে।

ঢাকায় প্রবেশ ও বের হওয়ার আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট যাত্রাবাড়ী। এটি ট্রাফিক পুলিশের ওয়ারী বিভাগের মধ্যে পড়েছে। এ বিভাগের ডিসি সাইদুল ইসলাম বিকেল চারটার দিকে প্রথম আলোকে বলেন, এখন পর্যন্ত তাঁর কাছে কেউ লিখিত অনুমতির আবেদন করেনি। অনেকে ফোন করে বলেছেন, তারা অনুমতির আবেদন করবেন।

গাবতলী এলাকাটি পড়েছে ট্রাফিক মিরপুর বিভাগে। এখানকার ডিসি নজরুল ইসলাম বিকেল চারটার দিকে প্রথম আলোকে বলেন, কেউ লিখিত অনুমতি নিয়েছেন, এমন তথ্য এখনো তাঁর জানা নেই।