মহিলা ফোরামের প্রথম সম্মেলন
‘শোষণ মুক্তির চেতনায় জেগে ওঠো নারী’ স্লোগান নিয়ে গতকাল বৃহস্পতিবার সমাজতান্ত্রিক মহিলা ফোরামের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়। রাজধানীর মহানগর নাট্যমঞ্চে অনুষ্ঠিত এই সম্মেলনে দেশের বিভিন্ন পেশার কয়েক হাজার নারী অংশ নেন। সম্মেলন উদ্বোধন করেন বিচারপতি গোলাম রাব্বানী। উদ্বোধন শেষে সমবেত নারীদের একটি সুসজ্জিত শোভাযাত্রা রাজধানী বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মহানগর মঞ্চে ফিরে আসে। বিকেল তিনটায় ছিল আলোচনা সভা। এতে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বলেন, পুঁজিবাদ তার শোষণমূলক ব্যবস্থাকে টিকিয়ে রাখার স্বার্থেই উন্নত রুচি ও সংস্কৃতিকে ধ্বংস করছে। এর নেতিবাচক ফল নারীসমাজকেই ভোগ করতে হচ্ছে। এর বিরুদ্ধে লড়াইকে সমাজ পরিবর্তনের লড়াইয়ে পরিণত করতে হবে নারীসমাজকে। রওশন আরার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পরিবেশবিদ কাজী মদিনা, অধ্যাপক নাসিম আক্তার হোসাইন, কমিউনিস্ট পার্টির (সিপিবি) প্রেসিডিয়াম সদস্য লক্ষ্মী চক্রবর্তী, নারীনেত্রী বহ্নিশিখা জামালী, শ্যামলী শীল প্রমুখ। বিজ্ঞপ্তি।