মহিলা মন্ত্রণালয়ের হটলাইন নামে আছে কাজে নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্যাতনের শিকার নারী ও শিশুদের সেবা দিতে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে চালু করা হটলাইন দুটি কোনো কাজে আসছে না। ওই নম্বর দুটিতে ফোন করলে কেউ ধরে না। মাঝেমধ্যে ধরলেও তিনি প্রয়োজনীয় সেবা বা পরামর্শ দিতে পারেন না। ভুক্তভোগীরা এসব কথা জানিয়েছেন। লাইন দুটি হলো ০১৭৩০৪৪৩০৫৪ ও ০১৭৩০৪৪৩০৫২। গত বছর ফেব্রুয়ারি থেকে লাইন দুটি চালু করা হলেও অনেকেই এ সম্পর্কে জানেন না। যাঁরা বিষয়টি জানেন, তাঁদের অনেকে প্রথম আলোর কাছে অভিযোগ করেছেন, অফিস সময়ের পরে তো দূরের কথা, অফিস সময়ও কেউ ফোন ধরে না। মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘হটলাইন দুটি নিয়ে আমরাও সন্তুষ্ট নই। নির্যাতনের শিকার ব্যক্তি বা তাঁর পরিবার ফোন করলেও পরামর্শ ছাড়া আর কোনো সেবা পাবেন না। ফলে এই হটলাইন থাকা না থাকা সমান কথা।’নারী নির্যাতন রোধে মাল্টিসেক্টরাল প্রকল্প থেকে এই মন্ত্রণালয়ের নারী নির্যাতন কেন্দ্রীয় সেলকে হটলাইনের নম্বর দুটি দেওয়া হয়। এর বিল পরিশোধ করা হচ্ছে প্রকল্প থেকে।হটলাইন দুটি নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করছেন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব মো. রফিকুল ইসলাম এবং উপসচিব মো. আমিনুল ইসলাম। নম্বর দুটি ২৪ ঘণ্টা খোলা থাকার কথা। প্রথম আলোর পক্ষ থেকে ফোন করলে একটি লাইন ধরেন আমিনুল ইসলামের ব্যক্তিগত কর্মকর্তা আবুল কালাম আজাদ। তিনি বলেন, ‘স্যার ব্যস্ত থাকায় লাইনটি কিছুদিন হলো আমিই ধরছি।’ গত বছর চালু হওয়ার পর থেকে এপ্রিল মাস পর্যন্ত মাত্র ৪৫টি অভিযোগ পাওয়া গেছে। নারী নির্যাতন প্রতিরোধে মাল্টিসেক্টরাল প্রকল্পের পরিচালক আবুল হোসেন বলেন, নম্বর দুটি সম্পর্কে জানানোর জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়াসহ বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ধরনের হটলাইন পুলিশ হেডকোয়ার্টার বা হাসপাতালে দেওয়া হলে নির্যাতনের শিকার ব্যক্তিরা সরাসরি সেবা পাবেন। মন্ত্রণালয় সে ধরনের চিন্তা করছে।