মা ও শিশুস্বাস্থ্যের উন্নয়নে ইউনিসেফের নতুন কর্মসূচি
বাড়িতে নিরাপদ প্রসব নিশ্চিত করতে সহায়তা দেবে ইউনিসেফ। কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (কোয়কা) এ-সংক্রান্ত একটি প্রকল্প বাস্তবায়নে ২০ লাখ মার্কিন ডলার অনুদান দিচ্ছে।রাজধানীর একটি হোটেলে গতকাল বুধবার ‘টাঙ্গাইল মা, নবজাতক ও শিশুস্বাস্থ্য’ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এই প্রকল্পের আওতায় টাঙ্গাইলের তিনটি উপজেলায় ২০১১-১৩ পর্যন্ত মা ও শিশুস্বাস্থ্যের উন্নয়নে প্রাতিষ্ঠানিক চিকিৎসাসেবার উন্নতির চেষ্টা করা হবে। পাশাপাশি বাড়িতে যাঁরা সন্তান প্রসব করবেন, তাঁদের সুরক্ষা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।এই কর্মসূচির অংশ হিসেবে নবজাতকদের বিশেষ সেবা দেওয়ার জন্য ইউনিট চালু করা হচ্ছে। এরই মধ্যে টাঙ্গাইলের সিভিল সার্জনের কাছে সব যন্ত্রপাতি হস্তান্তর করা হয়েছে। এ ছাড়া টাঙ্গাইল জেলা হাসপাতালটি সমৃদ্ধ করার জন্য অত্যাবশ্যকীয় যন্ত্রপাতি দেওয়া হয়েছে।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত কোরীয় রাষ্ট্রদূত তাই ইয়াং চো, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ কে এম আমির হোসেন, ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি ক্যারল ডি রয়, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার মোহাম্মদ সিফায়েত উল্লাহ, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক এম এম নিয়াজুদ্দিন, কোয়কা আবাসিক প্রতিনিধি জাং-উক লি প্রমুখ।প্রকল্পটি যৌথভাবে বাস্তবায়ন করবে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়, আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর-বি) ও সহযোগী এনজিওগুলো। এই প্রকল্পের আওতাভুক্ত হচ্ছে সাত লাখ ৩৩ হাজার ৯৮৩ জন। এদের মধ্যে ২৫ হাজার ৭০০ গর্ভবতী মহিলা, ২০ হাজার ২০০ নবজাতক, দুই বছরের কম বয়সী ৩৭ হাজার ১০০ শিশু এবং ১৫-১৯ বছর বয়সী এক লাখ ৮১টি শিশু।