মা-বাবাকে ফিরে পেল ইব্রাহিম

রাজধানীর বিমানবন্দর এলাকার পদচারী-সেতু থেকে পড়ে মাথায় আঘাত পেয়ে হাসপাতালে ভর্তি হয় সাত বছর বয়সী ইব্রাহিম। গতকাল বুধবার পর্যন্ত ইব্রাহিমের কোনো স্বজনের খোঁজ মিলছিল না। এ নিয়ে প্রথম আলোয় সংবাদ প্রকাশের পর আজ বৃহস্পতিবার মা-বাবাকে ফিরে পেল ইব্রাহিম।
গত ১০ আগস্ট আহত অবস্থায় ইব্রাহিমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ নিয়ে গত ১৩ সেপ্টেম্বর প্রথম আলো অনলাইনে ‘রাসেল ও ইব্রাহিমকে কি কেউ চেনেন’ শিরোনামের একটি প্রতিবেদন ছাপা হয়েছিল। সেই সংবাদ পরিচিত একজন দেখে ইব্রাহিমের বাবা রিকশাচালক কামাল হোসেন ও মা কুলসুম বেগমকে জানান।
রাসেল ও ইব্রাহিমকে নিয়ে সংবাদ প্রকাশের পর আজ বৃহস্পতিবার ইব্রাহিমের মা-বাবা হাসপাতালের ২০৪ নম্বর ওয়ার্ডে ছুটে আসেন। ইব্রাহিমের বাবা রিকশাচালক কামাল হোসেন ও মা কুলসুম বেগম ইব্রাহিমকে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। ইব্রাহিমও নিশ্চিত করে যে তারাই তার মা-বাবা এবং সে তাদের সঙ্গে বাড়ি যেতে চায়। কামাল জানান, ঈদুল ফিতরের কয়েক দিন পর থেকেই তাঁর দুই ছেলে ইব্রাহিম ও ইউসুফ নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পরও তাদের পাওয়া যায়নি। তিনি বললেন, ‘ঝামেলা মনে কইরা থানায় জানাই নাই।’
কামাল হোসেন ও কুলসুম বেগম দম্পতি তিন ছেলেকে নিয়ে পূর্ব রামপুরার জামতলা মোড় এলাকায় থাকতেন। শেষবার সেই বাসা থেকেই বড় ছেলে ইউসুফ ও মেজ ছেলে ইব্রাহিম খেলতে বের হয়। তারপর তাদের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। প্রায় এক মাস পর ইব্রাহিমকে ফিরে পেলেও এখনো নিখোঁজ বড় ছেলে ইউসুফ।
কামাল আরও বললেন, ‘আমরা তো ভাবছিলাম কেউ ধরে নিয়ে গিয়ে মাইরা ফেলছে। এখন এক ছেলেকে ফিরা পাইয়া আমি খুশি।’
হাসপাতালে ভর্তি ইব্রাহিম ও রাসেলকে তাদের স্বজনদের কাছে ফিরিয়ে দিতে সামাজিক যোগাযোগমাধ্যমে অব্যাহতভাবে চেষ্টা চালান তরুণ সমাজকর্মী পারভেজ হাসান। পারভেজ নিয়মিত শিশু দুটির খোঁজখবরও নিয়েছেন। পারভেজের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন ইব্রাহিমের বাবা। পারভেজ হাসান ইব্রাহিমের পড়ালেখার দায়িত্ব নিয়েছেন বলেও জানান তিনি।
ইব্রাহিম এত দিন ঢাকা মেডিকেল কলেজের নিউরোসার্জারি বিভাগের প্রধান অসিত চন্দ্র সরকারের অধীনে চিকিৎসাধীন ছিল। অসিত চন্দ্র সরকার বলেন, ‘ইব্রাহিম এখন একদম সুস্থ। আমাদের সবার চেষ্টায় তার মা-বাবাকে পাওয়া গেছে। আগামী শনিবার ইব্রাহিমকে তার মা-বাবার কাছে হস্তান্তর করা হবে।’
এত দিন রাসেল ও ইব্রাহিমকে একসঙ্গে রাখা হয়েছিল। শনিবার থেকে একা হয়ে যাবে রাসেল। রাসেলও ইব্রাহিমের মতো নিজের মা-বাবার কাছে ফিরে যেতে চায়।
আরও পড়ুন:
রাসেল ও ইব্রাহিমকে কি কেউ চেনেন