মা হলো ছোট রানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মিরপুরে জাতীয় চিড়িয়াখানায় জিরাফ দম্পতি ছোট রানি ও ছোট রাজার প্রথম সন্তান জন্মগ্রহণ করে গতকাল বেলা দেড়টায়। সদ্য জন্ম নেওয়া সন্তানকে আদর করছে মা জিরাফ। ছবিটি গতকাল বিকেলে তোলা l ছবি: আশরাফুল আলম
রাজধানীর মিরপুরে জাতীয় চিড়িয়াখানায় জিরাফ দম্পতি ছোট রানি ও ছোট রাজার প্রথম সন্তান জন্মগ্রহণ করে গতকাল বেলা দেড়টায়। সদ্য জন্ম নেওয়া সন্তানকে আদর করছে মা জিরাফ। ছবিটি গতকাল বিকেলে তোলা l ছবি: আশরাফুল আলম

ছোট রানি মা হয়েছে। গতকাল বুধবার ঢাকায়, জাতীয় চিড়িয়াখানায়। ছোট রানি ও ছোট রাজা হলো দক্ষিণ আফ্রিকা থেকে আনা জিরাফ জুটি। গতকাল বেলা দেড়টার দিকে এ জুটির ঘরে একটি শাবক জন্ম নেয়।
চিড়িয়াখানা কর্তৃপক্ষ বলেছে, মা ছোট রানি ও শাবক সুস্থ আছে। তবে শাবকটি পুরুষ না মাদি, তা নিশ্চিত হওয়া যায়নি। কারণ, জিরাফ খুব সংবেদনশীল প্রাণী, তাই মা হওয়ার পরপর তাদের কাছে যাওয়া যায় না।
সংশ্লিষ্ট সূত্র বলেছে, আলেক্সান্ডার ও ক্লিওপেট্রা নামে চিড়িয়াখানায় আরও একটি জিরাফ জুটি আছে। তিন বছর হলো তাদের ঘরে জন্ম হয়েছে ‘প্রিয়া’ নামে একটি মাদি জিরাফের। সব মিলিয়ে মিরপুরে অবস্থিত জাতীয় চিড়িয়াখানায় এখন জিরাফের সংখ্যা দাঁড়াল ছয়টিতে।
এর আগে গত ১ জানুয়ারি এই চিড়িয়াখানায় জন্ম নিয়েছে একটি বাঘশাবক। এটি বেঙ্গল টাইগার রণবীর ও জ্যোতি জুটির আগের শাবক ‘টোকিও’র ভাই। বয়স এক মাসের বেশি হলেও এখনো তার নাম রাখা হয়নি। চিড়িয়াখানা কর্তৃপক্ষ তার জন্য ১০টি নাম প্রস্তাব করে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে পাঠিয়েছে। নামগুলোর একটি হচ্ছে ‘ইয়েন’। এটি জাপানি মুদ্রার নাম। টোকিও জাপানের রাজধানী।
সংশ্লিষ্ট সূত্র বলেছে, টোকিওর নামের সঙ্গে মিল রাখতে নতুন বাঘশাবকের নাম প্রস্তাব করা হয়েছে ইয়েন। কারণ, রাষ্ট্রীয় বন্ধুত্বের নিদর্শন হিসেবে জাপানে পাঠানোর উদ্দেশ্যে বেঙ্গল টাইগার রণবীর ও জ্যোতিকে চিড়িয়াখানায় একত্র করা হয়েছিল। জাপান যাওয়ার বিলম্বে এক খাঁচায় এই জুটির ছয় মাসের অপেক্ষায় গত ২৩ আগস্ট জ্যোতি মা হয়। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের তৎকালীন সচিব (বর্তমানে অবসরে) শেলিমা আফরোজা জাপানের রাজধানীর নামানুসারে শাবকটির নাম রাখেন টোকিও। রণবীর ও জ্যোতির এখনো জাপান যাওয়া হয়নি। ইংরেজি নববর্ষের দিন তাদের ঘরে আসে আরেকটি শাবক।
এ বিষয়ে জানতে চাইলে চিড়িয়াখানার কিউরেটর এস এম নজরুল ইসলাম গতকাল প্রথম আলোকে বলেন, জন্ম নেওয়া বাঘশাবকটি টোকিওর ভাই। জন্মের কিছু পরই শাবকটিকে মা জ্যোতির কাছ থেকে আলাদা করে ফেলা হয়েছে। কারণ, মা তাকে দুধ দিচ্ছিল না। এখন তাকে চিড়িয়াখানার প্রাণী হাসপাতালে রেখে বিশেষ খাবার দেওয়া হচ্ছে ও পরিচর্যা করা হচ্ছে।
ওই হাসপাতালে পাশের ঘরে ধীরে ধীরে বেড়ে উঠছে টোকিও। পাঁচ মাস বয়সী টোকিওর ওজন হয়েছে প্রায় ১৪ কেজি।
চিড়িয়াখানার তৃণভোজী বৃহৎ প্রাণী শাখা ও পাখি শাখার সূত্র বলেছে, সম্প্রতি চিড়িয়াখানায় হরিণ প্রজাতির প্রাণী ওয়াইল্ডবিস্ট ও কমন ইলানও দুটি করে বাচ্চা দিয়েছে। গত ডিসেম্বরের মাঝামাঝি কমন ইলান দুটি মাদি বাচ্চা দেয়। আর ওয়াইল্ডবিস্টের বাচ্চা দুটি পুরুষ। এ ছাড়া হাড়গিলা পাখি একটি বাচ্চা দিয়েছে।
কিউরেটর নজরুল ইসলাম বলেন, গত কয়েক মাসে চিড়িয়াখানায় সাতটি দুর্লভ প্রাণী বাচ্চা দিয়েছে। সবগুলো বাচ্চাই সুস্থ আছে।