মাংস ব্যবসায়ীদের সমস্যা সমাধানের আশ্বাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার-পাঁচ দিনের মধ্যে মাংস ব্যবসায়ী সমিতির সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। গতকাল রোববার সচিবালয়ে পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ-সংক্রান্ত সভায় মাংস ব্যবসায়ী সমিতির নেতাদের সঙ্গে আলোচনায় তিনি এই আশ্বাস দেন।

ঢাকা মেট্রোপলিটন মাংস ব্যবসায়ী সমিতির মহাসচিব রবিউল আলম প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘মন্ত্রী আমাদের বলেছেন, ঢাকার দুই মেয়রের সঙ্গে কথা বলে চার থেকে পাঁচ দিনের মধ্যে সমস্যার সমাধান করা হবে।’

এদিকে সকালে ঢাকা মেট্রোপলিটন মাংস ব্যবসায়ী সমিতির মহাসচিব রবিউল আলম সংবাদ সম্মেলনে বলেন, আগামী ১৫ দিনের মধ্যে সমস্যার সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে রমজান মাসের প্রথম দিন থেকে সারা দেশে কর্মবিরতিতে যাবেন মাংস ব্যবসায়ীরা। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

রবিউল আলম বলেন, দাবি পূরণ না হলে তাঁদের ঘোষিত কর্মবিরতি ধর্মঘটে রূপ নিতে পারে। সংবাদ সম্মেলনে বলা হয়, দাম বেশি হওয়ায় গরু ও খাসির মাংস খাওয়া ছেড়ে দিয়েছে সাধারণ মানুষ। এতে মাংস বিক্রি কমে গেছে। বাংলাদেশে অর্ধেকের বেশি মাংসের দোকান বন্ধ হয়ে গেছে।

সংবাদ সম্মেলনে বিভিন্ন ধরনের অভিযোগ, সমস্যা ও দাবি তুলে ধরেন সমিতির মহাসচিব। তিনি বলেন, পরিস্থিতি এমন পর্যায়ে গেছে যে আন্দোলনের বিকল্প নেই।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, গাবতলী গরুর হাটে মাংস ব্যবসায়ীদের জন্য নির্মিত মেয়র হানিফ আশ্রয়কেন্দ্র ও সমিতির অফিস ইজারাদারেরা তালা মেরে দিয়েছেন। তাই সমিতির কার্যক্রম বন্ধ আছে এবং লাগামহীনভাবে মাংসের ব্যবসা চলছে। এই কার্যালয় খুলে দেওয়া না হলে উত্তর সিটি করপোরেশনের সঙ্গে সব কার্যক্রম বন্ধ ঘোষণা করার এবং রমজান মাস উপলক্ষে মাংসের মূল্য নির্ধারণী সভায়ও তাঁরা যোগ দেবেন না বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

গরুর মাংসের ব্যবসা নিয়ে এই সমিতির সঙ্গে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও ইজারাদারদের দ্বন্দ্ব চলছে। এর আগে গত ১৩ থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত কর্মবিরতি পালন করেছিলেন মাংস ব্যবসায়ীরা। এই ধর্মঘটের আগে প্রতি কেজি গরুর মাংস বাজার ও এলাকাভেদে ৪২০ থেকে ৪৪০ টাকায় বিক্রি হতো। কিন্তু ধর্মঘটের পর প্রতি কেজি গরুর মাংসের দাম দাঁড়ায় ৫০০ টাকা।

সমিতির মহাসচিব বলেন, তাঁদের দাবির মধ্যে আছে খাজনা কমানো, চাঁদাবাজি বন্ধ করা, চামড়া বিক্রির ব্যবস্থা করা, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে একটি স্থায়ী পশুর হাট তৈরি করা, মানসম্মত একাধিক কসাইখানা তৈরি করা ইত্যাদি।

এক প্রশ্নের জবাবে রবিউল আলম বলেন, সমস্যার সমাধান হলে গরুর মাংস ৩০০ টাকা কেজি আর ছাগলের মাংস ৫০০ টাকা কেজিতে বিক্রি করা যাবে।