মাইকে প্রচার করে ট্রাফিক পুলিশের সচেতনতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদচারী সেতুর নিচে ডিএমপির সাইনবোর্ডে ঝোলানো একটি মাইকে বেজে চলেছে, ‘জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পার হবেন না। সবাই ফুট ওভারব্রিজ দিয়ে রাস্তা পারাপার করবেন। জীবনের ঝুঁকি নিয়ে বাসে উঠবেন না। বাস-বে-তে যান, নিরাপদে বাসে উঠুন।’

উত্তরায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনের ট্রাফিক সিগন্যালে ঢাকা মেট্রোপলিটন ট্রাফিক পুলিশ উত্তরা জোনের উদ্যোগে এভাবেই চলছে সাধারণ জনগণকে সচেতনতা সৃষ্টির কাজ।

সরেজমিনে দেখা যায়, বিমানবন্দর রেলস্টেশনের পাশ থেকে রাস্তা পার হয়ে বিমানবন্দরের দিকে আসা যাত্রীরা বাসের জন্য দাঁড়িয়ে না থেকে সামনের বাস-বে-তে চলে যাচ্ছেন। বাসগুলোও থামানো হচ্ছে সেখানে। যাত্রী ওঠানামার কাজ বাস-বে-তে সুন্দরভাবে সম্পন্ন হওয়ায় সৃষ্টি হচ্ছে না কোনো ধরনের যানজট।

এখানে দায়িত্ব পালনরত ঢাকা মহানগর ট্রাফিক পুলিশের সহকারী উপপরিদর্শক সাইফুল ইসলাম বলেন, ‘সাধারণ জনগণকে সচেতন করার উদ্দেশ্যেই আমাদের এই মাইকে প্রচারণা। তিনি আরও বলেন, চোখের সামনে সাইনবোর্ডে কিংবা মনিটরে লেখা থাকলেও অনেক সময় লোকে সেটা দেখে না, মান্যও করে না। তাই এ পন্থা অবলম্বন করা হয়েছে।’

কবে থেকে এ কার্যক্রমের শুরু—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অনেক দিন, প্রথমে আমি আমার ব্যক্তিগত উদ্যোগে এ কাজটি শুরু করেছিলাম। এটি ইতিবাচক সাড়া ফেলায় মহানগর ট্রাফিক পুলিশ উত্তর জোন এ কাজে সহায়তা করছে।’ সাইফুল ইসলাম আরও বলেন, ‘মাইকে যে কণ্ঠ শুনতে পাচ্ছেন সেটি আমার। আগে আমি হ্যান্ডমাইকে ঘোষণা দিতাম।’ বিমানবন্দর রেলস্টেশনের একটি দোকানের চা-বিক্রেতা বলেন, মাইকে এভাবে সতর্কবার্তা ঘোষণা করার পর এখন যানজট হয় না বললেই চলে। বাসচালকেরাও নির্দিষ্ট স্থানে বাস থামাচ্ছেন। বিমানবন্দরের সামনের চেহারাও বদলে গেছে।

নির্দিষ্ট স্থানে বাস থামানোতে নিরাপদে বাসে ওঠানামা করতে পারছেন যাত্রীরা। গাজীপুরে যাওয়ার জন্য বাসের অপেক্ষায় থাকা শিলা আহমেদ প্রথম আলোকে বলেন, ‘বাস-বে-তে বাস থামার কারণে নিরাপদে বাসে ওঠানামা করতে পারছি। কারণ এখানে বাস থামলে চালকদের মামলা খাওয়ার কোনো ভয় থাকে না। তাই তারা তাড়াহুড়াও করে না। যাত্রীরা স্বস্তির সঙ্গে ওঠানামা করতে পারছেন।’