মাইক্রোওয়েভ ওভেনে সোনার ট্রান্সফরমার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোনা গিলে ফেলে বা বিশেষ কায়দায় শরীরে বহন করার ঘটনা ধরা পড়েছে একাধিকবার। জুতার ভেতর, মোজায় বেঁধে, বেল্টে বেঁধে বা তৈজসপত্রের আকৃতি দিয়ে সোনা পাচারের সময়ও ধরা পড়েছে। এবারে মাইক্রোওয়েভ ওভেনের ট্রান্সফরমারের পাত আকারে সোনা পাচারের সময় তা ধরা পড়ল।

গতকাল সকাল ১০টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি মাইক্রোওয়েভ ওভেনের ট্রান্সফরমারে লুকানো অবস্থায় সাড়ে তিন কেজি সোনা উদ্ধার করেন শুল্ক গোয়েন্দারা। গ্রেপ্তার করা হয়েছে বেলাল হোসেন নামের এক যাত্রীকেও। বেলালের বাড়ি ফেনীতে। শুল্ক গোয়েন্দা ও তদন্ত পরিদপ্তরের মহাপরিচালক মঈনুল খান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন। শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা জানান, বেলাল ঢাকায় নামার পর তাঁর সব ব্যাগ, দেহ তল্লাশির পরও সোনার হদিস মিলছিল না। 

শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওমানের মাসকাট থেকে ইউএস বাংলা এয়ারলাইনসের একটি উড়োজাহাজে সকাল সাড়ে ১০টায় শাহজালাল বিমানবন্দরে নামেন বেলাল। গোপন সংবাদের ভিত্তিতে তাঁকে নজরদারিতে রাখা হয়। কাস্টমস হলের গ্রিন চ্যানেল অতিক্রম করে চলে যাওয়ার সময় তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। তাঁর গতিবিধিতে অস্বাভাবিকতা থাকায় সন্দেহ আরও বাড়ে। আটক সোনায় পারদ ও সিলভারের প্রলেপ দেওয়া ছিল বলে স্ক্যানার মেশিনে স্বর্ণের অস্তিত্ব বোঝা যায়নি। পরে ওভেন খুলে ট্রান্সফরমার ভেঙে ইংরেজি ‘ই’ আকৃতির ৬৫টি রূপালি রঙের পাত পাওয়া যায়। পাতগুলো ঘষার পর স্বর্ণের রং বেরিয়ে আসে। পরে রাজমনি জুয়েলার্সের প্রতিনিধি এনে পরীক্ষা করে স্বর্ণের অস্তিত্ব নিশ্চিত করা হয়। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৭০ লাখ টাকা।