মাইগ্রেশনের দাবিতে নর্দান মেডিকেলের শিক্ষার্থীদের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনুমোদন না থাকায় মাইগ্রেশনের দাবি জানিয়েছেন রংপুরের নর্দান প্রাইভেট মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। আজ বুধবার বেলা ১১টার দিকে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে অনুষ্ঠিত এক মানববন্ধনে এই দাবি জানান ওই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। ‘নর্দান (প্রা.) মেডিকেল কলেজের প্রতারিত শিক্ষার্থীদের’ ব্যানারে এই মানববন্ধন হয়।

শিক্ষার্থীরা অভিযোগ করে বলেছেন, ২০১৪-১৫ শিক্ষাবর্ষে এসে নর্দান মেডিকেল বাংলাদেশ ডেন্টাল অ্যান্ড মেডিকেল কাউন্সিলের অনুমোদন হারায়। তবু প্রতিষ্ঠানটি ২০১৯-২০ শিক্ষাবর্ষ পর্যন্ত শিক্ষার্থী ভর্তি করেছে। অথচ এখন কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের কোনো দায়িত্ব নিচ্ছে না। শিক্ষার্থীরা তাঁদের শিক্ষাজীবন নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন।

নর্দান মেডিকেল কলেজের পঞ্চম বর্ষের শিক্ষার্থী আশরাফুল ইসলাম অভিযোগ করে বলেন, ২০০১ সালে প্রতিষ্ঠিত এই মেডিকেল কলেজ তিন বছরের মাথায় নানা অনিয়মের কারণে ২০০৪ সালে বন্ধ হয়ে যায়। এরপর ২০০৬ সালে আবার চালু হয়। কিন্তু অনিয়ম থেমে নেই।

নর্দান মেডিকেলের পঞ্চম বর্ষের আরেক শিক্ষার্থী সাইরা জাহান অভিযোগ করে বলেন, প্রায় ২৫০ শিক্ষার্থী তাঁদের শিক্ষাজীবন শেষ করা নিয়ে শঙ্কিত। প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে নর্দান মেডিকেল কলেজ কর্তৃপক্ষ ১৫ থেকে ২০ লাখ টাকা নিয়েছে। এখানে ৩২ জন নেপালি শিক্ষার্থীও আছেন। তাঁরাও বিপাকে পড়েছেন। বিদেশি শিক্ষার্থীদের রাতের বেলায় হোস্টেল থেকে বের করে দেওয়ার ঘটনাও ঘটেছে।

শিক্ষার্থীদের অভিযোগ, নর্দান প্রাইভেট মেডিকেল কলেজ চলে ভাড়া করা রোগী ও ভাড়া করা শিক্ষক দিয়ে। এই মেডিকেল কলেজ হাসপাতালটি বন্ধ আছে প্রায় এক বছর ধরে। যখন হাসপাতাল চালু ছিল, তখন সব আসন প্রায় শূন্য ছিল। কলেজ ভিজিটের সময় ভাড়া করে রোগী আনা হতো। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এই মানববন্ধন হয়।

মানববন্ধন থেকে শিক্ষার্থীরা দুই দফা দাবি জানিয়েছেন। দাবিগুলো হলো প্রথম বর্ষ থেকে শেষ বর্ষ পর্যন্ত দেশি-বিদেশি শিক্ষার্থীদের অন্য বেসরকারি মেডিকেলে স্থানান্তরের ব্যবস্থা করা ও শিক্ষার্থীদের কাগজপত্রগুলো বিনা শর্তে তুলে দেওয়া।

শিক্ষার্থীদের অভিযোগ, তাঁদের মেডিকেল কলেজ হাসপাতালে পূর্ণাঙ্গ অস্ত্রোপচার কক্ষ, আইসিইউ, সিসিইউ, এনআইসিইউ নেই। পরীক্ষার জন্য ভাড়া করে রোগী নিয়ে আসা হয় এবং ভিজিটের সময় কর্তৃপক্ষ রোগী ভাড়া করে আনে এবং অধিকাংশই থাকে সাজানো রোগী। ক্লিনিক্যাল বিষয়ে কোনো স্থায়ী বিভাগীয় প্রধান, সিএ রেজিস্ট্রার নেই। এমনকি নিজস্ব কোনো পরীক্ষার কেন্দ্র নেই।

শিক্ষার্থীরা বলেন, ১৭ দিন ধরে তাঁরা দাবি আদায়ে আন্দোলন করছেন। বিএমডিসি কর্তৃপক্ষের কাছ থেকে মাইগ্রেশনের ব্যাপারে মৌখিক আশ্বাস পেলেও তা এখন পর্যন্ত বাস্তবায়ন হয়নি।