মাইশার মৃত্যুর ঘটনায় মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিহত নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী মাইশা মমতাজ
ছবি: সংগৃহীত

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাইশা মমতাজ মীমের মৃত্যুর ঘটনায় মামলা করেছেন তাঁর বাবা নূর মোহাম্মদ। মামলার অভিযোগে বেপরোয়া গতিতে যানবাহন চালিয়ে জীবনহানির অভিযোগ আনা হয়েছে। আজ শনিবার সন্ধ্যায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে তিনি এই মামলা করেন। প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সি সাব্বির আহমেদ।

মুন্সি সাব্বির আহমেদ বলেন, এই ঘটনায় দায়ী কাভার্ড ভ্যান চালকসহ দুজনকে চট্টগ্রাম থেকে আটক করা হয়েছে। মামলায় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আগামীকাল রোববার আদালতে হাজির করা হবে।

এ বিষয়ে জানতে চাইলে মাইশার মামাতো ভাই আইনজীবী নকিব আলী প্রথম আলোকে বলেন, ‘পুলিশ দুজনকে আটক করেছে। তবে তাঁদের সঙ্গে আমাদের কথা হয়নি। আমরা তো জানি না তাঁরা জড়িত কি না। এ কারণে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। পুলিশ তদন্ত করে বলবে, তাঁরা জড়িত কি না। জড়িত হলে তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করবে পুলিশ। স্বাভাবিকভাবেই তাঁরা আসামি হিসেবে গণ্য হবেন।’

মাইশার মৃত্যুর ঘটনায় চট্টগ্রাম থেকে আটক কাভার্ড ভ্যানের চালক সাইফুল ইসলাম (৪৪) ও তাঁর সঙ্গে থাকা মশিউরকে আজ শনিবার সন্ধ্যায় ঢাকায় আনা হয়েছে।

রাজধানীর খিলক্ষেতে উড়ালসড়কে গত শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে সড়ক দুর্ঘটনায় নিহত হন মাইশা। তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ষষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন। ছুটির দিনে একটি অনুষ্ঠানে যোগ দিতে উত্তরার বাসা থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যাচ্ছিলেন তিনি। স্কুটিতে করে খিলক্ষেত উড়ালসড়ক দিয়ে ৩০০ ফুট যাওয়ার পথে একটি কাভার্ড ভ্যান তাঁকে চাপা দেয়। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার সময়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, মাইশা উড়ালসড়কের এক পাশ দিয়ে স্কুটি চালিয়ে যাচ্ছেন। এ সময় পেছন থেকে একটি কাভার্ড ভ্যান স্কুটির পেছনে ধাক্কা দেয়। এতে কাভার্ড ভ্যানের চাকার নিচে চাপা পড়েন মাইশা। এরপর কাভার্ড ভ্যানটি একটু সামনে গিয়ে দাঁড়ায়। ট্রাকের ভেতর থেকে চালক বা সহযোগী উঁকি দিয়ে সেই দৃশ্য দেখেন। এরপর দ্রুত ট্রাকটি সেখান থেকে সটকে পড়ে।