মাউশির কর্মচারী নিয়োগ স্থগিত তদন্ত কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) আওতায় কর্মচারী নিয়োগ সম্পর্কে উত্থাপিত অভিযোগ খতিয়ে দেখতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়। প্রতিবেদন না পাওয়া পর্যন্ত নিয়োগ কার্যক্রম স্থগিত থাকবে।গতকাল বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নিয়েছে বলে প্রথম আলোকে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এ বিষয়ে জানতে চাইলে মাউশির মহাপরিচালক ফাহিমা খাতুন বলেন, অচলাবস্থা নিরসনের লক্ষ্যে তাঁরা মন্ত্রণালয়ের কাছে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠনের অনুরোধ জানিয়েছিলেন। মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ইকবাল খান চৌধুরীর নেতৃত্বে গঠিত কমিটির অন্য দুই সদস্য হলেন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এ এস মাহমুদ ও উপসচিব শহীদুল ইসলাম। কমিটিকে সাত দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। প্রতিবেদন দেওয়ার আগ পর্যন্ত নিয়োগ কার্যক্রম স্থগিত থাকবে। মাউশি দ্বিতীয় ও চতুর্থ শ্রেণীর প্রায় দুই হাজার কর্মচারী নিয়োগ-প্রক্রিয়া শুরু করেছে। এই নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে সম্প্রতি কয়েকটি পত্রিকায় প্রতিবেদন প্রকাশ করা হয়। বিসিএস সাধারণ শিক্ষা সমিতি সংবাদ সম্মেলন করে বুধবার মনগড়া এবং ভিত্তিহীন অভিযোগ সংবাদমাধ্যমে প্রকাশ না করার অনুরোধ জানায়।মাউশি পৃথক এক বিবৃতিতে গত মঙ্গলবার জানায়, একটি মহল উদ্দেশ্যমূলকভাবে এই নিয়োগ-প্রক্রিয়া বিতর্কিত করার চেষ্টা করছে।