বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির জন্য টেলিফোনে শিক্ষকদের কাছ থেকে ঘুষ চাওয়ার অভিযোগে গতকাল বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) তিন অফিস সহকারীকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এরা হলেন মাউশির মাধ্যমিক শাখার জাহাঙ্গীর আলম, কলেজ শাখার শাহজাহান ও মাদ্রাসা শাখার হাবিব।এই তিন কর্মচারীর বিরুদ্ধে অভিযোগ তদন্ত করার জন্য মাউশির প্রশিক্ষণ শাখার পরিচালক তাসলিমা বেগম এবং কলেজ ও প্রশাসন শাখার পরিচালক দীপক কুমার নাগকে প্রধান করে দুটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।এ ছাড়া এমপিওভুক্তি কার্যক্রম দেখভালের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব (কলেজ) নাহারিন চৌধুরী ও উপসচিব (মাধ্যমিক) মনিরুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে। ৩০ জুন পর্যন্ত তাঁরা দায়িত্ব পালন করবেন।শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গতকাল দুপুরে শিক্ষা ভবনে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তি কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষকদের কষ্ট-দুর্ভোগ নিয়ে কাউকে ফায়দা লুটতে দেওয়া হবে না। তাঁদের ভাগ্য নিয়ে কোনো কর্মকর্তা-কর্মচারী ছিনিমিনি খেললে তাঁকে অবশ্যই শাস্তি পেতে হবে। এ সময় অধিদপ্তরের মহাপরিচালক নোমান উর রশিদ উপস্থিত ছিলেন।