‘মা, আমি চাকরির জন্য সাক্ষাৎকার দিয়েছি। আশা করি, আমার চাকরি হবে। মা, চাকরি হয়ে গেলে তোমাকে ঢাকায় নিয়ে আসব। কিন্তু আমার ভাইয়ের আর চাকরি করা হলো না। ঘাতক বাস তার সব স্বপ্ন কেড়ে নিল।’ সড়ক দুর্ঘটনায় নিহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ছাত্র বিল্লালের বড় ভাইয়ের বক্তব্য এটি। নিজ ভাইয়ের মৃত্যুর জন্য দায়ী ঘাতক বাসচালকের শাস্তির দাবিতে আয়োজিত মানববন্ধনে এসে আবেগাপ্লুত হয়ে পড়েন জিল্লুর রহমান। কান্নাজড়িত কণ্ঠে মৃত্যুর কয়েক দিন আগে মায়ের সঙ্গে বিল্লালের কথা তুলে ধরেন নিজ বক্তব্যে। প্রার্থনা করেন, আর কোনো মায়ের বুক যেন এভাবে খালি না হয়।গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে ‘নিরাপদ সড়ক চাই’ স্লোগান ধারণ করে তিন দফা দাবিতে মানববন্ধন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। কর্মসূচি সফল করতে সকালে অপরাজেয় বাংলার পাদদেশে সমবেত হন শিক্ষক- শিক্ষার্থীরা। সেখান থেকে শোকযাত্রা নিয়ে রাজু ভাস্কর্যের পাদদেশে মানববন্ধন করেন তাঁরা। মানববন্ধনে উত্থাপিত তাঁদের দাবিগুলো হলো, অবিলম্বে ঘাতক বাসচালকের শাস্তি, নিহতের পরিবারকে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ প্রদান ও পরিবারের একজনকে কর্মসংস্থানের ব্যবস্থা করা। মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ট্রাফিক আইন না মেনে চলার কারণেই বর্তমান সময়ে সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটছে। নিরাপদ যাতায়াতের জন্যই ট্রাফিক আইন সবাইকে মেনে চলার আহ্বান জানান তিনি। বিল্লালের পরিবারকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে দুই লাখ টাকার সহযোগিতা দেওয়ার ঘোষণা দেন উপাচার্য আরেফিন সিদ্দিক।মানববন্ধনে ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের সাধারণ সম্পাদক ও চিত্রাভিনেতা ইলিয়াস কাঞ্চন বলেন, অদক্ষ ও প্রশিক্ষণবিহীন চালকেরা অবৈধ উপায়ে লাইসেন্স তৈরি করে গাড়ি চালানোর কারণে প্রতিদিন বহু লোক সড়ক দুর্ঘটনার শিকার হচ্ছে। সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সড়ক নীতিমালা আইন কার্যকর করার দাবি জানান ইলিয়াস কাঞ্চন। মানববন্ধনে বক্তব্য দেন সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান এ আই মাহবুব উদ্দিন, খন্দকার মোকাদ্দেম হোসেন, আ ক ম জামাল উদ্দিন আহমেদ, অধ্যাপক সালমা বেগম, প্রক্টর কে এম সাইফুল ইসলাম প্রমুুুখ। গত ২৬ অক্টোবর উত্তরায় সড়ক দুর্ঘটনায় মারা যান বিল্লাল হোসেন।