নিজস্ব প্রতিবেদকমিরপুরের কাফরুল এলাকায় ভিক্ষাবৃত্তি করানো শিশু রবিউল ইসলাম ওরফে শান্তর মা বা তার পরিবারের সদস্যদের ২২ নভেম্বর আদালতে হাজির করানোর জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল মঙ্গলবার স্বতঃপ্রণোদিত হয়ে এ আদেশ দেন।
গত সোমবার প্রথম আলোতে ‘শিশু রবিউলকে দিয়ে ভিক্ষা করাচ্ছে পরিবার’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়। এতে বলা হয়, গুলশানের কড়াইল বস্তিতে পরিবারের সঙ্গে থাকত শিশু রবিউল। ২০১৩ সালের ১২ ফেব্রুয়ারি সে নিখোঁজ হয়। কয়েক দিন পর দুই হাত কাটা অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে পাওয়া যায়। পরে ওই শিশুকে যুক্তরাষ্ট্রে নিয়ে চিকিৎসা করান প্রধানমন্ত্রীর কার্যালয়ের নারী কর্মকর্তা রুকসানা কামার। সেখানে রবিউলের কৃত্রিম হাত সংযোজন করা হয়। রবিউলকে দিয়ে এখন রাজধানীর কাফরুল এলাকায় ভিক্ষাবৃত্তি করাচ্ছেন তাঁর মা নাসিমা বেগম। রবিউলের কৃত্রিম হাতও খুলে ফেলা হয়েছে। এসব বিষয় উল্লেখ করে সম্প্রতি কাফরুল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন রুকসানা কামার। রবিউলের বয়স এখন নয় বছর।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস প্রথম আলোকে বলেন, প্রথম আলোর প্রতিবেদনটি আমলে নিয়ে আদালত স্বতঃপ্রণোদিত রুল দিয়েছেন। কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) আদালত নির্দেশ দিয়েছেন, ২২ নভেম্বর রবিউলের মা বা তার পরিবারের যাঁকে সঙ্গে পাওয়া যায়, তাঁকে আদালতে হাজির করতে। এ ছাড়া স্বরাষ্ট্র এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার, ঢাকার জেলা প্রশাসক ও কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে রুলের জবাব দিতে বলা হয়েছে।