মাছভর্তি পিকআপ ছিনতাই দুর্বৃত্তদের হাতে একজন খুন
মাছভর্তি পিকআপ ছিনতাইকালে হাফিজউদ্দিন ওরফে জারু (৪০) নামের এক ব্যক্তিকে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার ভোর রাতে রাজধানীর মহাখালীর উড়ালসেতুর কাছে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাকচালক মো. ইউসুফ আহত হন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন ইউসুফ জানান, তাঁরা মাছভর্তি পিকআপ নিয়ে আবদুল্লাহপুরের আড়তের উদ্দেশে রওনা দেন। ভোর রাত সাড়ে চারটার দিকে মহাখালীর উড়ালসেতুতে ওঠার সময় ১০-১৫ জন দুর্বৃত্ত একটি ট্রাকে করে এসে তাদের পিকআপটি আটকে দেয়। এরপর দুর্বৃত্তদের চার-পাঁচজন পিকআপে উঠে তাদের দুজনকে টেনেহিঁচড়ে ট্রাকে ওঠায়। অন্যরা মাছভর্তি পিকআপ নিয়ে পালিয়ে যায়।ইউসুফ জানান, দুর্বৃত্তরা তাঁকে ও আড়তের ব্যবস্থাপক হাফিজউদ্দিনের চোখ কালো কাপড় দিয়ে বেঁধে তাঁদের কিল, ঘুষি ও লাথি মারতে থাকে। একপর্যায়ে দুর্বৃত্তরা প্রথমে হাফিজউদ্দিনকে টঙ্গীর স্টেশন রোডের তালতলা এলাকায় এবং এর প্রায় ১০০ গজ দূরে তাঁকেও ট্রাক থেকে ছুড়ে ফেলে দেয়। পথচারীরা তাঁদের উদ্ধার করে প্রথমে টঙ্গী হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে পাঠানো হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক হাফিজউদ্দিনকে মৃত ঘোষণা করেন। হাফিজউদ্দিন টঙ্গীর এরশাদনগরের ৭ নম্বর ব্লকের ১৯ নম্বরে থাকতেন। তাঁর বাবার নাম মতি মিয়া। হাফিজউদ্দিন দুই সন্তানের জনক ছিলেন।