রাজধানীর বিভিন্ন খাল উদ্ধার কর্মসূচির অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার ঢাকা ওয়াসা দ্বিতীয় দিনের মতো কল্যাণপুর ‘খ’ খালে অভিযান চালিয়ে অর্ধশতাধিক স্থাপনা উচ্ছেদ করেছে। এর মধ্যে পাঁচটি পাকা ভবন ও একটি দেয়াল আছে, বাকিগুলো টিনের তৈরি আধা পাকা ঘর।ওয়াসার উচ্ছেদকারী দল বেলা ১১টার দিকে মিরপুর মাজার রোডের শেষ প্রান্তে শাহ আলী মাজারের বিপরীত দিকে গড়ে ওঠা স্থাপনাগুলোতে অভিযান শুরু করে। এগুলোর বেশির ভাগ কাঠের দোকান। বেলা একটার মধ্যে এখানে ১০টি দোকানঘর, একটি ছোট হোটেল, একটি রং তৈরির কারখানাসহ দুটি পাকা ভবন বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয় ওয়াসা। খালের ওপর আড়াআড়ি গড়ে তোলা একটি ইটের দেয়ালও এ সময় ভাঙা হয়।উচ্ছেদ হওয়া কাঠের দোকান আরিফ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী চাঁন মিয়া বলেন, মাসে তিন হাজার টাকা ভাড়ায় দুই বছর আগে তিনি জনৈক সেলিম খানের কাছ থেকে ওই দোকান ভাড়া নিয়েছিলেন। চাঁন মিয়া জানতেন না তাঁর দোকান অবৈধ জায়গায়। উচ্ছেদ অভিযান চলে সন্ধ্যা পর্যন্ত। এ সময়ের মধ্যে খালের পশ্চিম অংশের সব অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। ওয়াসা সূত্র জানায়, গুঁড়িয়ে দেওয়া স্থাপনার সংখ্যা অর্ধশতাধিক, যার মধ্যে পাঁচটি পাকা ভবন রয়েছে। খালের পশ্চিম দিকের জমিতে অবৈধভাবে গড়ে তোলা মাজারের দেয়ালও ভাঙা হয়।খাল উদ্ধার অভিযানকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী। তাঁরা বলেন, দীর্ঘদিন ধরে গড়ে তোলা এসব অবৈধ স্থাপনার কারণে খালটি ভরাট হয়ে যাচ্ছিল। অবৈধ বড়ি-ঘর-দোকান উচ্ছেদ হলে খালটি আগের চেহারা ফিরে পাবে। এলাকাবাসী নিয়মিত খাল রক্ষণাবেক্ষণের জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন।এলাকার মানুষ ও উচ্ছেদ হওয়া দোকানের মালিকদের সঙ্গে কথা বলে জানা যায়, এলাকার জনৈক সেলিম খান তাঁর নিজস্ব ও খালের জমি মিলিয়ে এসব দোকান গড়ে তুলেছিলেন। পুরো এলাকায় তিনি ৩০টিরও বেশি দোকানঘর নির্মাণ করেছেন। এর মধ্যে যে কয়টি ঘর খালের জমিতে অবৈধভাবে গড়ে তোলা হয়েছিল, সেগুলো গতকাল ভাঙা হয়েছে।উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন ওয়াসার নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী ওয়াছিউদ্দিন। তিনি বলেন, আজ শুক্রবারও কল্যাণপুর খালে উচ্ছেদ অভিযান চলবে। অভিযানে দুই প্লাটুন পুলিশ এবং শতাধিক শ্রমিক অংশ নেন।এর আগে গত ১২ ও ১৩ সেপ্টেম্বর মধ্য ও দক্ষিণ পীরেরবাগ এলাকায় কল্যাণপুর ‘ঘ’ খালের দুই পাশে গড়ে ওঠা ৩৪টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ঢাকা ওয়াসা। ২৪ সেপ্টেম্বর থেকে প্রায় এক সপ্তাহ ধরে চলে মোহাম্মদপুরের রামচন্দ্রপুর খাল উদ্ধার অভিযান।