মাঠ-পার্ক রক্ষার দাবি বাপার
ঢাকা মহানগরের সব খেলার মাঠ ও পার্ক সংরক্ষণে হাইকোর্টের নির্দেশ বাস্তবায়নের দাবি জানিয়েছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)। বাপার নেতারা বলেন, সিটি করপোরেশনের (ডিসিসি) উদাসীনতার সুযোগ নিয়ে মহানগরের খেলার মাঠ ও পার্কগুলো একদিকে দখল হচ্ছে, অন্যদিকে যে যার খুশিমতো ব্যবহার করছে। তাই খেলার মাঠে শিশু-কিশোরেরা খেলতে পারছে না। সেখানে বসছে মেলা ও রাজনৈতিক অনুষ্ঠান।গতকাল শনিবার বাহাদুর শাহ পার্কের সামনে আয়োজিত এক নাগরিক সমাবেশে বাপার নেতারা এসব কথা বলেন। বাপার সঙ্গে যৌথভাবে এই সমাবেশের আয়োজন করে পুরান ঢাকা পরিবেশ উন্নয়ন ফোরাম।বক্তারা বলেন, মহানগরের পার্ক বা উদ্যান ও খেলার মাঠ চিহ্নিত করে সেখান থেকে অবৈধ স্থাপনা ভেঙে ফেলতে এ বছর হাইকোর্ট ডিসিসিকে নির্দেশ দিয়েছেন। কিন্তু তার পরও ডিসিসি এসব ব্যাপারে উদাসীন। ফলে নগরের সব পার্ক ও মাঠ ধীরে ধীরে দখল হয়ে যাচ্ছে। সমাবেশে আদালতের নির্দেশ অনুযায়ী দেশের সব মাঠ-পার্ক চিহ্নিত করে সংরক্ষণ এবং তা অবৈধ দখলদারমুক্ত করে কার্যকর ব্যবস্থা নেওয়া, মাঠ-পার্কের উন্নয়নে নিয়মিত ও সুনির্দিষ্ট বাজেট বরাদ্দ, নতুন আবাসন প্রকল্পের নকশা অনুযায়ী খেলার মাঠ ও পার্ক রাখার বিষয়টি অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয়।বাপার সাধারণ সম্পাদক আবদুল মতিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে সংগঠনের নেতা মহিদুল হক খান, শরীফ জামিল, আশরাফ আমির উল্লাহ, জাবেদ জাহান প্রমুখ বক্তব্য দেন।