দেশব্যাপী প্রতিবন্ধী শনাক্তকরণ জরিপের মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ শেষ হবে আগামী জুন মাসের মধ্যে। এ জরিপের মাধ্যমে দেশে প্রতিবন্ধী ব্যক্তির সংখ্যা জানা যাবে এবং প্রতিবন্ধিতার ধরন ও মাত্রা নিরূপণ করে তাদের জন্য প্রয়োজনীয় চিকিৎসা, প্রশিক্ষণ ও পুনর্বাসন কার্যক্রম নেওয়া হবে।গতকাল সোমবার সমাজসেবা অধিদপ্তরে দেশব্যাপী প্রতিবন্ধিতা শনাক্তকরণ জরিপ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে আলোচকেরা এসব কথা বলেন। সমাজকল্যাণ মন্ত্রণালয় এ জরিপের উদ্যোগ নিয়েছে। দেশব্যাপী জরিপ পরিচালনার আগে ১৫৯টি ইউনিয়ন ও পৌরসভায় পাইলটভিত্তিতে জরিপ পরিচালনা করা হয়।তিন হাজার ৫৩৮ জন ইউনিয়ন সমাজকর্মী, পৌর সমাজকর্মী, কারিগরি প্রশিক্ষক ও ফিল্ড সুপারভাইজার, ৬১৩ জন চিকিৎসক ও বিশেষজ্ঞ এবং ৫৫০ জন ডাটা এন্ট্রি অপারেটর এই জরিপ পরিচালনা করবেন। গতকাল মাস্টার প্রশিক্ষকদের প্রশিক্ষণের মাধ্যমে এই জরিপ কর্মসূচির উদ্বোধন করা হয়।উদ্বোধনী অনুষ্ঠানে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন বলেন, দেশে গত চার বছরে প্রতিবন্ধিতা বিষয়ে বিপ্লব ঘটে গেছে। বর্তমান সরকার প্রতিবন্ধীদের জন্য যা করেছে, গত ৪০ বছরেও তা হয়নি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক নাছিমা বেগম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব সুরাইয়া বেগম, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব রণজিৎ কুমার বিশ্বাস প্রমুখ।