মাঠপর্যায়ে ভবন জরিপ শুরুর দাবি
মাঠপর্যায়ে ভবন জরিপ কার্যক্রম শুরু করে মাত্রা অনুযায়ী বিপজ্জনক ভবন নির্মোহভাবে চিহ্নিত করার তাগিদ দিয়েছে বাংলাদেশ পরিবেশ অন্দোলন (বাপা)। এ ক্ষেত্রে কাঠামোগত ও ব্যবহারের উপযোগিতা উভয় দিক বিবেচনায় রাখারও দাবি করেছে সংগঠনটি। গতকাল শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত ‘ভবনধস: বিপর্যয় রোধে করণীয়’ বিষয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবিসহ সাত দফা সুপারিশ করা হয়। সংবাদ সম্মেলনে মূল বক্তব্য পড়েন বাপার যুগ্ম সম্পাদক স্থপতি ইকবাল হাবিব। বিপজ্জনক ভবনগুলো পুনর্দৃঢ়করণ ও পরিশীলিতকরণ কর্মসূচি নেওয়া এবং পরিত্যক্ত ভবনগুলো নতুন করে তৈরিতে মালিকদের বাধ্য করার আহ্বান জানান তিনি। তা না করা পর্যন্ত এসব ভবন ব্যবহার বেআইনি করার দাবি জানানো হয়। কমপ্লায়েন্স (মানসম্মত কর্মপরিবেশের শর্ত) কমিশন গঠন করে বিদেশি ক্রেতার আরোপিত কমপ্লায়েন্সের পাশাপাশি রাষ্ট্রীয় আইন ও বিধিবিধানের আলোকে সব শিল্প পরিচালনার সুপারিশ করা হয়। এ ছাড়া বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড (বিএনবিসি) পালনে সবাইকে বাধ্য করা, দুর্ঘটনায় নিহত ও আহত ব্যক্তিদের জন্য দ্রুত যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করার দাবি করা হয়। সংবাদ সম্মেলনে বাপার সহসভাপতি অধ্যাপক এম ফিরোজ আহমেদ ও সাধারণ সম্পাদক আবদুল মতিন বক্তব্য দেন। বিজ্ঞপ্তি।