মাতুয়াইলে ৫০ লাখ টাকা ছিনতাইয়ে দুটি দলকে সন্দেহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মাতুয়াইলে ওয়ান ব্যাংকের ৫০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় দুটি সন্ত্রাসী দলকে সন্দেহ করে তদন্তে এগোচ্ছে পুলিশ। তবে এর সঙ্গে ব্যাংকের কোনো কর্মকর্তা বা কর্মচারীও জড়িত আছেন বলে পুলিশের ধারণা। তবে এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি।রোববার মাতুয়াইলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ওয়ান ব্যাংকের নারায়ণগঞ্জ শাখা ব্যবস্থাপকের ব্যক্তিগত গাড়িতে হামলা চালিয়ে সন্ত্রাসীরা ওই টাকা লুট করে। টাকাগুলো যাত্রাবাড়ী শাখা থেকে নারায়ণগঞ্জে নেওয়া হচ্ছিল। এ বিষয়ে ঘটনার শিকার নারায়ণগঞ্জ শাখার ব্যবস্থাপক মাহাবুব আলম বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় একটি মামলা করেন।যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, পুলিশ দুটি দলকে সন্দেহ করে এগোচ্ছে। এখন কোনো একজনকে ধরতে পারলেই মামলার জট খুলে যাবে। তবে ব্যাংকের কোনো কর্মকর্তা বা কর্মচারীর সংশ্লিষ্টতা ছাড়া এ ঘটনা ঘটানো অসম্ভব। এ বিষয়টিও মাথায় রাখা হচ্ছে।শাখা ব্যস্থাপক মাহাবুব আলম প্রথম আলোকে বলেন, ‘পুলিশ আমাদের আশ্বস্ত করেছে। এখন আমরাও আশা করছি, পুলিশ অপরাধীদের ধরে ফেলবে।’ তিনি অবশ্য বলেন, ‘আমরা কাউকে সন্দেহ করছি না। পুলিশ তদন্ত করছে। ব্যাংকের কেউ জড়িত থাকলে তা পুলিশি তদন্তেই বেরিয়ে আসবে।’