মাতৃ এবং শিশুমৃত্যু কমাতে দক্ষ স্বাস্থ্যকর্মী বাড়াতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে তৃণমূল বা কমিউনিটি পর্যায়ে এক হাজার মানুষের জন্য একজন কমিউনিটি স্বাস্থ্যকর্মী (সিএইচডব্লিউ) কাজ করছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, প্রতি এক হাজার মানুষের জন্য ২ দশমিক ৩ জন এ রকম কর্মী থাকা দরকার। দেশে মাতৃ ও নবজাতক মৃত্যু কমাতে হলে প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীর সংখ্যা বাড়াতে হবে।গতকাল বৃহস্পতিবার রাজধানীর একটি অভিজাত হোটেলে স্বাস্থ্যসেবার ক্ষেত্রে সিএইচডব্লিউর ভূমিকা মূল্যায়ন বিষয়ে বিনিময় সভায় অংশগ্রহণকারীরা এ কথা বলেন। ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান গ্লাক্সোস্মিথক্লাইন (জিএসকে) এবং বেসরকারি প্রতিষ্ঠান কেয়ার এ সভার আয়োজন করে।সিএইচডব্লিউ আছে এমন সরকারি ও বেসরকারি স্বাস্থ্য কর্মসূচি যৌথ উদ্যোগে মূল্যায়ন করেছে জিএসকে ও কেয়ার। সভায় মূল্যায়ন ফলাফল উপস্থাপন করার সময় বলা হয়, কমিউনিটি থেকেই সিএইচডব্লিউ বাছাই বা নিয়োগ করা উচিত। তবে এদের কাজের জোর নজরদারি দরকার।মূল্যায়নে দেখা গেছে, মাঠপর্যায়ে সরকারের স্বাস্থ্য সহকারী ও পরিবারকল্যাণ সহকারীর অনেক পদ শূন্য। দেশের গ্রামাঞ্চলে ৭০ শতাংশের বেশি নবজাতকের জন্ম হচ্ছে প্রশিক্ষণবিহীন স্বাস্থ্যকর্মীর হাতে। দরিদ্র শ্রেণীর ক্ষেত্রে এই হার ৯১ শতাংশ। গ্রামাঞ্চলে শ্বাসযন্ত্রের তীব্র সংক্রমণে ভোগা শিশুদের ২৮ শতাংশ প্রশিক্ষিত স্বাস্থ্য সেবাদানকারীর সহায়তা পায়। অন্যদিকে চর ও হাওর এলাকায় বসবাসকারীদের অনেকের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছায় না।অনুষ্ঠানের শুরুতে জিএসকে বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মো. আজিজুল হক বলেন, জিএসকে ব্যবসার লাভের ২০ শতাংশ স্বল্পোন্নত দেশের (এলডিসি) স্বাস্থ্যসেবার উন্নতিতে বিনিয়োগ করবে। এশিয়া-প্রশান্ত মহাসাগর এলাকায় এই উদ্দেশ্যে কেয়ারের সঙ্গে অংশীদারি গড়ে তুলেছে জিএসকে।সভায় বলা হয়, ভবিষ্যতে জিএসকে ও কেয়ার যৌথভাবে যে কর্মসূচি বাস্তবায়ন করবে, তাতে প্রত্যন্ত এলাকা, সেবাবঞ্চিত জনগোষ্ঠী ও দরিদ্রদের গুরুত্ব দেওয়া হবে।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্যসচিব মো. হুমায়ুন কবির।