মাতৃত্বকালীন ভাতার ধারাবাহিকতা বজায় রাখার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রামীণ নারীদের যথাযথভাবে মাতৃত্বকালীন ভাতা প্রদান, ভিজিডি কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখাসহ সরকারের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের জন্য জেলা মহিলা কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী।গতকাল বুধবার রাজধানীর ইস্কাটনের বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে মহিলাবিষয়ক অধিদপ্তর আয়োজিত সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ নির্দেশ দেন। নারীর ক্ষমতায়ন ও নারী নির্যাতন বন্ধের লক্ষ্যে মহিলা কর্মকর্তাদের দুই দিনব্যাপী এই জাতীয় সম্মেলনে ৬৪টি জেলার ১৫৫ জন মহিলা কর্মকর্তা অংশগ্রহণ করেন। এতে সভাপতিত্ব করেন মহিলাবিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক মো. আশরাফ হোসেন।শিরীন শারমিন চৌধুরী বলেন, উপজেলা মহিলা কর্মকর্তাদের চাকরি প্রথম শ্রেণীতে উন্নীত করার একটি প্রস্তাবনা ইতিমধ্যে মন্ত্রণালয়ে পাস করে তা বাস্তবায়নের জন্য সংস্থাপন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এ ছাড়া জেলা কর্মকর্তাদের উপপরিচালক পদে উন্নীত করার বিষয়টিও সরকারের বিবেচনাধীন রয়েছে। বিশেষ অতিথি হিসেবে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব তারিক উল ইসলাম বলেন, সরকার ও সাধারণ মানুষের সমন্বিত চেষ্টায় তৃণমূলের নারীদের সব সমস্যার সমাধান সম্ভব।জেলা কর্মকর্তাদের পক্ষে বক্তব্য দেন খুলনা জেলার মহিলাবিষয়ক কর্মকর্তা নার্গিস ফাতেমা জামিল। তিনি প্রতিটি উপজেলায় মহিলাবিষয়ক কর্মকর্তাদের কার্যালয়কে তথ্য সেন্টার হিসেবে গড়ে তোলা, সব কারাগারে দিবাযত্নকেন্দ্র স্থাপন এবং জেলা পর্যায়ে নিজস্ব ভবন নির্মাণের আবেদন জানান।মহিলাবিষয়ক অধিদপ্তরের পরিচালক নিজাম উদ্দিন আল হোসাইনীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। দুই দিনব্যাপী এ সম্মেলনে পাঁচটি অধিবেশনে মোট ১৩টি বিষয়ের ওপর আলোচনা হবে।