মাতৃমৃত্যু কমাতে স্বাস্থ্য অবকাঠামো তৈরির পাশাপাশি চিকিৎসক, নার্স ও দক্ষ প্রসব-সহায়তাকারীর সংখ্যা বাড়াতে হবে। স্বাস্থ্যকেন্দ্রে মায়েরা যেন সেবা নিতে আসে, সে বিষয়টিও নিশ্চিত করতে হবে। গতকাল বুধবার ডেইলি স্টার ও জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) আয়োজিত ‘নিরাপদ মাতৃত্ব: অর্জন এবং প্রতিবন্ধকতা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে আলোচকেরা এ কথা বলেন।ডেইলি স্টার কার্যালয়ে অনুষ্ঠিত এই গোলটেবিল বৈঠকে অংশগ্রহণকারীরা সমাজের বিদ্যমান কিছু ধারণা পাল্টাতে সামাজিক আন্দোলন ও নেটওয়ার্ক গড়ে তোলার ওপর গুরুত্ব দেন।বৈঠকের মূল উপস্থাপনায় ইউএনএফপিএর সহকারী প্রতিনিধি হাসিনা বেগম বলেন, মাতৃমৃত্যু কমানোর ক্ষেত্রে বাংলাদেশের অর্জন অনেক। কিন্তু ৪০ শতাংশ মা এখনো কোনো ধরনের সেবার আওতায় আসছেন না। চিকিৎসাসেবা পাওয়ার ক্ষেত্রে দরিদ্র জনগোষ্ঠী অনেক পিছিয়ে। অগ্রগতির ক্ষেত্রে অঞ্চলভেদে পার্থক্য আছে। আলোচনায় অংশ নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এস এম আশরাফুল ইসলাম বলেন, চিকিৎসকেরা জেলা ও উপজেলা পর্যায়ে থাকতে চান না। নার্সসহ অন্য জনবলের স্বল্পতা আছে। তিনি বলেন, পর্যাপ্ত জনবল নিশ্চিত না করে অবকাঠামোর পেছনে টাকা খরচ করলে কোনো লাভ হবে না।ইউএনএফপিএর প্রতিনিধি আর্থার আরক্যান সেবার মান বাড়ানো ও বাল্যবিবাহ বন্ধের ওপর গুরুত্ব দেন।ডেইলি স্টার-এর সম্পাদক মাহ্ফুজ আনাম বলেন, সামাজিক দায়বোধ থেকেই পত্রিকার পক্ষ থেকে মাতৃস্বাস্থ্য বিষয়ে সচেতনতা-মূলক কার্যক্রম চালানো হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্সেস বিভাগের অধ্যাপক এ কে এম নূর-উন-নবী বলেন, মায়ের পুষ্টি বৃদ্ধি, বাল্যবিবাহ বন্ধ—এসব বিষয়ে সামাজিক আন্দোলন ও সামাজিক নেটওয়ার্ক গড়ে তোলা দরকার।গোলটেবিল বৈঠকে পরিবার পরিকল্পনা অধিদপ্তর, বিশ্বব্যাংকসহ বেশ কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।