মাতৃমৃত্যু রোধে দেশে প্রশিক্ষিত মিডওয়াইফ দরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলো কার্যালয়ে গতকাল ‘মিডওয়াইভস—সুন্দর আগামীর জন্য’ শীর্ষক গোলটেবিল বৈঠকে আলোচকেরা। ইউএনএফপিএর সহযোগিতায় প্রথম আলো এই গোলটেবিল বৈঠকের আয়োজন করে l ছবি: প্রথম আলো
প্রথম আলো কার্যালয়ে গতকাল ‘মিডওয়াইভস—সুন্দর আগামীর জন্য’ শীর্ষক গোলটেবিল বৈঠকে আলোচকেরা। ইউএনএফপিএর সহযোগিতায় প্রথম আলো এই গোলটেবিল বৈঠকের আয়োজন করে l ছবি: প্রথম আলো

প্রসবকালে মাতৃমৃত্যুর হার কমিয়ে আনতে তিন হাজার প্রশিক্ষিত ‘মিডওয়াইফ’ বা ধাত্রী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রতিটি উপজেলায় চারজন এবং প্রতিটি ইউনিয়নে একজন করে তিন বছরের ডিপ্লোমা প্রশিক্ষণপ্রাপ্ত ধাত্রী নিয়োগ করা হবে। চলতি বছরের ডিসেম্বর থেকে এ নিয়োগ শুরু হবে। নিরাপদ প্রসব ও ধাত্রী নিয়োগের ক্ষেত্রে সমস্যাগুলো চিহ্নিত করার লক্ষ্যে গতকাল শনিবার প্রথম আলোর কার্যালয়ে এক গোলটেবিল আলোচনায় এ তথ্য জানানো হয়।
ইউএনএফপিএর সহযোগিতায় প্রথম আলো আয়োজিত এ গোলটেবিলে আলোচকেরা বলেছেন, একটি জাতির উন্নয়নের পরিচয় থাকে সেই জাতির মায়েরা কতটা নিরাপদ পরিবেশে প্রসব করেন, তার ওপরে। নিরাপদ মাতৃত্বের সুফল পেতে হলে নিয়োগপ্রাপ্ত প্রশিক্ষিত মিডওয়াইফদের স্বাধীনভাবে কাজের সুযোগ তৈরি করতে হবে, তাঁদের সামাজিক মর্যাদা দিতে হবে এবং কর্মক্ষেত্রে তাঁদের অবস্থান নিশ্চিত করতে হবে।
‘মিডওয়াইভস—সুন্দর আগামীর জন্য’ শীর্ষক এ গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক নূর হোসেন তালুকদার। মূল প্রবন্ধে ইউএনএফপিএর মাতৃস্বাস্থ্য বিশেষজ্ঞ শামিনা শারমীন বলেন, দেশে বর্তমানে প্রসবকালীন মাতৃমৃত্যুর হার প্রতি লাখে ১৭০ জন। ১৯৯০ সালে মৃত্যুর হার ছিল ৫৭৪ জন। সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যে ২০১৫ সালের মধ্যে মাতৃমৃত্যুর হার ১৪৩ জনে নামিয়ে আনার লক্ষ্য ছিল। আগামী ২০৩০ সালের মধ্যে বিশ্বে প্রসবকালে মাতৃমৃত্যুর হার প্রতি লাখে ৭০ জনে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশে এ লক্ষ্য অর্জনের জন্য দক্ষ ও প্রশিক্ষিত মিডওয়াইফ অর্থাৎ ধাত্রী নিয়োগের উদ্যোগ নিয়েছে সরকার। তিনি বলেন, দেশে বর্তমানে শতকরা প্রায় ৪২ জন গর্ভবতী মা প্রশিক্ষিত ধাত্রীর পরিচর্যায় নিরাপদ প্রসবের আওতায় এসেছেন। বাকি মায়েরা ঘরেই অপ্রশিক্ষিত ধাত্রীদের সহায়তায় সন্তান জন্ম দিচ্ছেন। এতে মৃত্যুর ঝুঁকি ছাড়াও মায়েরা প্রসব-পরবর্তী নানা রকম স্বাস্থ্য সমস্যায় ভুগছেন।
নূর হোসেন তালুকদার বলেন, সরকারি হাসপাতালগুলোতে প্রসূতিদের জন্য দেওয়া সেবার মান ভালো নয়। সে কারণে অনেকে হাসপাতালে যেতে চান না। আর যাঁদের সামর্থ্য আছে, তাঁরা বেসরকারি ক্লিনিকে যান। এখন নতুন যে ধাত্রীদের নিয়োগ দেওয়া হবে, তাঁদের সহমর্মিতার মন নিয়ে গর্ভবতী মায়েদের সেবা দিতে হবে। নিয়োগ পাওয়ার পর যেখানে নিয়োগ দেওয়া হবে, সেখানেই তাঁদের বাধ্যতামূলকভাবে অবস্থান করতে হবে। তা না হলে কর্মসূচির উদ্দেশ্য সফল হবে না।
অবসট্রিটিকাল্ ও গাইনিকোলজিক্যাল সোসাইটির সভাপতি অধ্যাপক রওশন আরা বেগম বলেন, ইউনিয়ন পর্যায় থেকে খোদ ঢাকা মেডিকেল কলেজ পর্যন্ত সব হাসপাতালে প্রসূতি বিভাগটি সবচেয়ে অবহেলিত। ব্যক্তিগত অভিজ্ঞতার উদাহরণ দিয়ে বলেন, ‘চাঁদপুরে একবার কাজ করতে লেবার রুমে গিয়ে দেখি, সেখানে কুকুর শুয়ে আছে।’ তিনি বলেন, প্রশিক্ষিত সেবিকা দিয়ে হবে না। কারণ, তাঁরা অনেক রকমের কাজে ব্যস্ত থাকেন। প্রসূতিদের জন্য শতভাগ সেবা দেওয়ার জন্য প্রশিক্ষিত ধাত্রী নিয়োগ করতে হবে এবং তাঁদের দক্ষতাকে কাজে লাগানোর সুযোগ করে দিতে হবে।
ইউএনএফপিএর ইন্টারন্যাশনাল মিডওয়াইফারি উপদেষ্টা রন্ডি এন্ডারসন বলেন, মা সুস্থ ও স্বাস্থ্যবান থাকলে তিনি সুস্থ ও স্বাস্থ্যবান সন্তান প্রসব করতে পারবেন। একটি দেশের উন্নয়নের মানদণ্ড নির্ভর করে মা কতটা সুস্থভাবে সন্তান জন্ম দিলেন, তার ওপরে।
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের মিডওয়াইফ প্রোগ্রাম পরিচালক ইসমত ভূঁইয়া বলেন, ধাত্রীবিদ্যার শিক্ষার্থীদের পাঠ্যক্রমের ৪০ ভাগ তত্ত্বীয় এবং ৬০ ভাগ ব্যবহারিক। শিক্ষার্থীরা যেন বিভিন্ন হাসপাতালে তাদের ব্যবহারিক শিক্ষা যথাযথভাবে হাতে-কলমে শিখতে পারে, তার ব্যবস্থা করতে হবে। তিনি দক্ষ শিক্ষার্থীদের পাশাপাশি দক্ষ প্রশিক্ষক গড়ে তোলার প্রয়োজনীয়তাও তুলে ধরেন।
স্বাস্থ্যবিশেষজ্ঞ মোমেনা খাতুন বলেন, নিয়োগপ্রাপ্ত ধাত্রীদের দক্ষতার মান উন্নয়নের জন্য তাঁদের কাজের নিয়মিত পর্যবেক্ষণ ও প্রশিক্ষণের ব্যবস্থা থাকতে হবে। এর পাশাপাশি তাঁদের পেশাগত উন্নয়নের ক্ষেত্রেও একটি পরিকল্পনা থাকা প্রয়োজন।
মিডওয়াইফ সোসাইটির সভাপতি হালিমা আক্তার বলেন, এখন সরকারি ৩১টি এবং ছয়টি বেসরকারি ইনস্টিটিউটে তিন বছর মেয়াদের ধাত্রীবিদ্যার ডিপ্লোমা দেওয়া হচ্ছে। ধাত্রীবিদ্যার জন্য আলাদা ইনস্টিটিউট স্থাপন করা প্রয়োজন এবং যাঁরা প্রশিক্ষণ দিচ্ছেন, তাঁদেরও আলাদা আর্থিক সুবিধা দেওয়া প্রয়োজন।
নার্সিং কাউন্সিলের নিবন্ধক সুরাইয়া বেগম বলেন, ধাত্রীরা বহু প্রাচীনকাল থেকেই প্রসূতিদের সেবা দিচ্ছেন। প্রাতিষ্ঠানিক পদ না থাকায় তাঁদের কোনো সামাজিক পরিচয় বা স্বীকৃতি ছিল না। গর্ভধারণ থেকে নিরাপদ প্রসব এবং প্রসবের পরের সমস্যা, শিশুর স্বাস্থ্য পরিচর্যার গুরুত্ব সম্পর্কে জনগণকেও সচেতন করতে হবে। এ ক্ষেত্রে গণমাধ্যমগুলো ভূমিকা রাখতে পারে।
ইউএনএফপিএর মাতৃস্বাস্থ্য উপদেষ্টা সৈয়দ আবু জাফর মোহাম্মদ মূসা বলেন, মিডওয়াইফদের কারিগরি জ্ঞান ও দক্ষতা, রোগীর প্রতি সহমর্মিতা, মা ও শিশুদের সঙ্গে নিয়মিত যোগাযোগ এবং দায়বদ্ধতাসহ একটি পরিপূর্ণ প্যাকেজ নিয়ে কাজ করতে হবে। কর্মক্ষেত্রে মিডওয়াইফদের ধরে রাখতে প্রার্থীদের নিজ নিজ এলাকায় নিয়োগ দেওয়া যেতে পারে বলে তিনি উল্লেখ করেন।
নার্সিং সার্ভিসের ভারপ্রাপ্ত পরিচালক নিলুফার ফরহাদ বলেন, প্রতিবছর ৬০০ করে আগামী ২০২০ সালে মধ্যে তিন হাজার প্রশিক্ষণপ্রাপ্ত ধাত্রী নিয়োগ দেওয়া হবে। এ ডিপ্লোমা করা ধাত্রীরা যেন ভবিষ্যতে উচ্চতর শিক্ষার সুযোগ পান, সে ব্যবস্থাও থাকা প্রয়োজন। তিনিও দক্ষ প্রশিক্ষক গড়ে তোলার প্রয়োজনীয়তার উল্লেখ করেন।
জাতিসংঘ যুব উপদেষ্টা পরিষদের সদস্য তাসনিম জারা বলেন, তরুণ প্রজন্মের মধ্যে নিরাপদ মাতৃত্ব ও প্রজননস্বাস্থ্য বিষয়ে প্রয়োজনীয় জ্ঞান ও তথ্য অবগত করার উদ্যোগ নেওয়া হলে নিরাপদ মাতৃত্বের ক্ষেত্রে আরও সাফল্য আসবে।
গোলটেবিলে ঢাকা নার্সিং কলেজে ডিপ্লোমা ইন মিডওয়াইফারি বিভাগের দুই শিক্ষার্থী আঁখি মণ্ডল ও লুবনা বেগম অংশ নেন। তাঁরা বলেন, কেবল প্রসবকালীন সহায়তাই নয়, মিডওয়াইফদের পরিবার পরিকল্পনা, বাল্যবিবাহ, প্রজননস্বাস্থ্য নিয়েও কাজ করার সুযোগ রয়েছে।
গোলটেবিল সঞ্চালক প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম বলেন, নিরাপদ প্রসবের ক্ষেত্রে যে অগ্রগতি হয়েছে, তাতে মাতৃ ও শিশুমৃত্যুর হার কমেছে। এর পরেও যে সমস্যাগুলো রয়েছে, তা দূর করে আগামী ২০৩০ সালের লক্ষ্যমাত্রা অর্জনের প্রশিক্ষণপ্রাপ্ত মিডওয়াইফরা সুন্দর আগামীর জন্য অবদান রাখতে পারবেন বলে তিনি আশা প্রকাশ করেন।