বাংলাদেশ উন্নয়ন পরিষদের আলোচনা
মাতৃস্বাস্থ্য উন্নয়নে এমডিজির লক্ষ্য অর্জনে ব্যর্থ হওয়ার আশঙ্কা
দেশের অধিকাংশ প্রসূতি নারী এখনো পর্যাপ্ত স্বাস্থ্যসেবা পান না। সন্তান জন্মদানের জন্য এসব নারী প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীর সেবা থেকে বঞ্চিত। এ অবস্থায় মাতৃস্বাস্থ্য উন্নয়নে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) অর্জনে সংশয় থেকে যাচ্ছে।গতকাল বেসরকারি সংস্থা বাংলাদেশ উন্নয়ন পরিষদের মিলনায়তনে ‘২০১৫ সাল নাগাদ স্বাস্থ্যসংক্রান্ত সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন-বাস্তবতা, প্রতিবন্ধকতা ও করণীয়’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। বাংলাদেশ উন্নয়ন পরিষদ ও জাতিসংঘ সহস্রাব্দ প্রচারাভিযান এ আলোচনা সভার আয়োজন করে।অনুষ্ঠানে প্রধান অতিথি সাংসদ ফরিদা রহমান বলেন, সবার জন্য মানসম্পন্ন স্বাস্থ্যসেবা প্রদানে সরকার কাজ করছে। ইতিমধ্যে স্বাস্থ্যনীতি প্রণয়নের কাজ চলছে। তবে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি পর্যায়ের সমন্বয় প্রয়োজন।অনুষ্ঠানে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান আহমদ বলেন, ‘২০১৫ সাল নাগাদ সংখ্যাগত দিক দিয়ে হয়তো আমরা এমডিজির লক্ষ্য অর্জন করতে পারব, তবে বাস্তবতা অন্য রকম। লক্ষ্য অর্জন হলেও তা ধরে রাখা নিয়ে সংশয় আছে।’বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও বাংলাদেশ উন্নয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফরাসউদ্দিন বলেন, দেশের স্বাস্থ্যব্যবস্থার ক্ষেত্রে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের ব্যাপারটি গুরুত্বপূর্ণ।পরিবার পরিকল্পনা অধিদপ্তরের শিশু ও মাতৃ বিভাগের সহকারী পরিচালক শিমুল কলি হোসেন বলেন, দেশে এখনো অধিকাংশ নারী ঘরে সন্তান প্রসব করছেন অদক্ষ মানুষের হাতে। সরকার এ ব্যাপারে দক্ষ ও প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী বাড়ালেও পরিস্থিতি বদলাচ্ছে না। এ পরিস্থিতি থাকলে মাতৃস্বাস্থ্য উন্নয়নে লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হওয়ার আশঙ্কা থেকে যাবে।বেসরকারি সংস্থা কনফিডেনশিয়াল অ্যাপ্রোচ টু এইডস প্রিভেনশনের (সিএএপি) নির্বাহী পরিচালক হালিদা হানম খন্দকার বলেন, বিদেশফেরত শ্রমিকদের কারণে এইডসের ঝুঁকি থেকে যাচ্ছে। গত বছর সিএএপি থেকে ৫২৬ জনের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এর মধ্যে ৪৭ জনের দেহে এইচআইভি ভাইরাস শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে ১৬ জনই বিদেশফেরত শ্রমিক।সাবেক সচিব মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জাতিসংঘের সহস্রাব্দ প্রচারাভিযানের কর্মকর্তা মনীষা বিশ্বাস, বাংলাদেশ উন্নয়ন পরিষদের নির্বাহী পরিচালক নিলুফার বানু প্রমুখ।