হাসপাতালে ও সেবাকেন্দ্রে মাতৃস্বাস্থ্যসেবায় বৈষম্য তৈরি হয়েছে। গর্ভধারণ, প্রসবকাল ও প্রসব-পরবর্তী সেবা গ্রহণের হার দরিদ্রদের চেয়ে ধনীদের মধ্যে বেশি। গতকাল সোমবার রাজধানীর একটি হোটেলে মাতৃ ও নবজাতকের স্বাস্থ্য খাতে অর্থায়ন ও প্রণোদনা বিষয়ে আয়োজিত এক কর্মশালায় এ কথা বলা হয়। ইউনিসেফ, ইউরোপীয় ইউনিয়ন, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, ইউকে এইড ও পপুলেশন কাউন্সিল যৌথভাবে দুদিনের এই কর্মশালার আয়োজন করে।প্রথম অধিবেশনের মূল বক্তব্যে ইউনিসেফের কর্মকর্তা রিয়াদ মাহমুদ বলেন, সমাজের সবচেয়ে দরিদ্র শ্রেণীর মায়েদের আট শতাংশ সেবাকেন্দ্রে সন্তান প্রসবের সুযোগ পান। সবচেয়ে ধনী শ্রেণীর মধ্যে এই হার ৫৩ শতাংশ। দরিদ্র শ্রেণীর নয় শতাংশ মা সন্তান জন্মদানের সময় দক্ষ স্বাস্থ্যকর্মীর সহায়তা পান। প্রসবপূর্ব (দরিদ্র ৩১ ও ধনী ৮২ শতাংশ) ও প্রসব-পরবর্তী (দরিদ্র সাত ও ধনী ৫১ শতাংশ) সেবার ক্ষেত্রেও বৈষম্য রয়েছে। দরিদ্রদের ক্ষেত্রে অজ্ঞতা, সামাজিক বিধিনিষেধ, ওষুধের দাম ও যাতায়াত খরচ সেবা পাওয়ার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়।মা, নবজাতক ও শিশু স্বাস্থ্য সেবার উন্নয়নে স্বাস্থ্য মন্ত্রণালয় একাধিক জেলায় কর্মসম্পাদনাভিত্তিক প্রণোদনা (পে-ফর-পারফরম্যান্স) ও চাহিদাভিত্তিক অর্থায়ন কর্মসূচি (ডিম্যান্ড সাইড ফাইনান্সিং) চালু করেছে। ফলে সংশ্লিষ্ট জেলাগুলোতে মাতৃ স্বাস্থ্যের উন্নতি হচ্ছে এবং মাতৃ ও শিশু মৃত্যুহার কমছে। পপুলেশন কাউন্সিলের এ দেশের পরিচালক ওবায়দুর রব বলেন, ২০১৫ সালে মা ও শিশু স্বাস্থ্য সংশ্লিষ্ট সহস্রাব্দ উন্নয়ন লক্ষ অর্জন নিয়ে সংশয় দেখা দিলে পৃথিবীর বিভিন্ন দেশে কর্মসম্পাদনাভিত্তিক প্রণোদনা ও চাহিদাভিত্তিক অর্থায়ন কর্মসূচি চালু করে সুফল পাওয়া গেছে।