মাত্র এক টাকায় চা!
এক কাপ গরম পানি, চা-পাতা, চিনি আর এক টুকরো লেবু। যেকোনো দোকানে এই চা প্রতি কাপ ৫ থেকে ১০ টাকা। তবে এই চা এক টাকায়ও পাওয়া যায়!
খেতে চাইলে যেতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) ক্যাফেটেরিয়ায়। শিক্ষার্থীদের কেউ এখানে আড্ডা দেন, কেউ বই খুলে বসেন। এর মাঝেই চলে চায়ের কাপে চুমুক। উন্মুক্ত সবার জন্যই। চা এখানে স্বাদের জন্য যতটা না বিখ্যাত, তার চেয়ে বিখ্যাত দামের জন্য। টিএসসি ছাড়াও কলাভবন ক্যাফেটেরিয়া (ডাকসু ভবনের নিচতলায়) ও বিজ্ঞান ক্যাফেটেরিয়ায় এক টাকায় চা পাওয়া যায়।
দেশে যখন এক টাকার কয়েন বা কাগুজে নোটের ব্যবহার প্রায় নেই, সেখানে শিক্ষার্থীরা এক টাকায় চা পাচ্ছেন। চায়ের উপাদান বাদে আর সব খরচ বিশ্ববিদ্যালয় প্রশাসনের বলেই এটি সম্ভব হচ্ছে।
১৯৭৯ সাল থেকে টিএসসি ক্যাফেটেরিয়ায় চা বানানোর কারিগর নূরুল হক। তবে এখন তিনি বেয়ারা হিসেবে কাজ করেন। খানিকটা অভিমানের সুরে নূরুল বলেন, আগে আরও ভালো চা হতো। অনেক কিছু যুক্ত করা হতো। কিন্তু এখন আর এক টুকরো লেবুর বাইরে বাড়তি উপাদান দেওয়া সম্ভব হয় না। তিনি বলেন, একটু আদা দিলেই চায়ের স্বাদ অনেক বদলে যায়। আগে এখানে দুধ চা পাওয়া যেত। পরে লিকারের চা চালু হলেও তাতে আদা-দারুচিনিসহ অনেক উপাদান থাকত। কিন্তু এখন আর চা বানিয়ে মনের প্রশান্তি মেলে না।
বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ছাত্রী তাসমেরি সুলতানা প্রথম আলোকে বলেন, ‘এক টাকায় যে ঢাকা শহরে চা পাওয়া যায়, সেটা না খেয়ে কেউ বিশ্বাস করতে চায় না।’ গত রোববার তিনি এক পরিচিতকে নিয়ে বিকেলে নাশতা করতে গিয়েছিলেন সেখানে। চায়ের বাইরে ক্যাফেটেরিয়ায় তিন টাকায় শিঙাড়া-সমুচা, ছয় টাকায় কেক ও সাত টাকায় প্যাটিস পাওয়া যায়। ৪০ বছরের বেশি সময় ধরে নাশতার মেন্যুটা একই বলে জানালেন টিএসসির অ্যাকাউন্টস অফিসার এস এম আমিনুল ইসলাম। তাঁর হিসাব অনুযায়ী, ক্যাফেটেরিয়ায় সকাল-বিকেল মিলিয়ে ৪৪০টি শিঙাড়া, ৮০টি সমুচা, ৮০টি প্যাটিস আর ৮ পাউন্ড কেক তৈরি করা হয়। তবে মান নষ্ট হয়ে যায় বলে সমুচা বিকেলবেলা রাখা হয় না। এখানে কেক ছাড়া আর কোনো খাবার ফ্রিজে রাখা হয় না। প্রশাসনিক কর্মকর্তা মো. হারুন অর-রশিদ মিয়া বলেন, কম দামে ভালো খাবার পাওয়া যায় বলে এই খাবারের চাহিদা অনেক। কিন্তু ক্যাফেটেরিয়া নিজস্ব আয়ের ভিত্তিতে চলে। খাবার বিক্রি করে যে পরিমাণ আয় হয়, সেটাই পরবর্তী দিনের খাবার তৈরির ক্ষেত্রে ব্যয় করা হয়। ফলে খাবারের পরিমাণ বাড়ানো হয় না।
নাশতা ছাড়াও ক্যাফেটেরিয়ায় দুপুর ও রাতের খাবার খাওয়া যায় ২০ টাকায়। সোম ও বুধবার খিচুড়ি আর বৃহস্পতিবার পোলাও। বাকি দুদিন ভাত, সঙ্গে এক টুকরো মুরগি। তবে মুরগির মাংসের দাম বাড়লে টুকরো ছোট হয়, কমলে খানিক বড়। আমিনুল ইসলাম বলেন, আগে দুপুর ও রাতে গরু-খাসির মাংস দেওয়া হতো। পৌনে দুই টাকায় গরু, আড়াই টাকায় খাসির মাংস পাওয়া যেত। কিন্তু এখন মুরগির বাইরে কিছু করা হয় না। নাশতার সঙ্গে পাওয়া যেত সস, সেটাও মেলে না।
টিএসসির পরিচালক এ এম এম মহিউজ্জামান চৌধুরী বলেন, তাঁরা খাবারের মান ভালো করার চেষ্টা করছেন। তবে এ জন্য দাম বাড়ানো দরকার। এই টাকায় এর চেয়ে ভালো খাবার দেওয়া সম্ভব নয়। তবে দাম বাড়ালে তিনি শিক্ষার্থীদের বিরোধিতার মুখে পড়তে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেন।
সাবেক পরিচালক মো. আলমগীর হোসেন অবশ্য বললেন, এটি বিশ্ববিদ্যালয়ের একটি ঐতিহ্য হিসেবে দাঁড়িয়ে গেছে। কিছু ভর্তুকি দিয়ে হলেও দাম ঠিক রেখে খাবারের মান বাড়াতে পারলে সবার জন্য ভালো হতো।