মাথায় রিভলবারের গুলিতে ট্যানারি ব্যবসায়ী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর হাজারীবাগ থানা এলাকায় তানভীর আহমেদ (৩০) নামে এক ট্যানারি ব্যবসায়ী গুলিতে মারা গেছেন। গত শুক্রবার রাত সাড়ে আটটার দিকে হাজারীবাগের মনেশ্বর রোডের ৩৩ নম্বর বাড়ির ষষ্ঠ তলার ফ্ল্যাটে এ ঘটনা ঘটে।পুলিশ বলছে, নিহত ব্যবসায়ীর কক্ষ থেকে একটি অবৈধ রিভলবার উদ্ধার করা হয়েছে। এর কোনো লাইসেন্স পরিবারের সদস্যরা দেখাতে পারেনি। রিভলবার দিয়ে তিনি আত্মহত্যা করেছেন নাকি দুর্ঘটনাবশত গুলি তাঁর মাথার লেগেছে, সে ব্যাপারে পুলিশ নিশ্চিত নয়।তানভীরের পারিবারিক সূত্র জানায়, তানভীর আহমেদ হাজারীবাগের এসকে লেদার নামের একটি প্রতিষ্ঠানের মালিক। তিনি মনেশ্বর রোডের মামা শ্বশুরের অ্যাপার্টমেন্টের একটি ফ্ল্যাটে প্রথম স্ত্রী তানজিলা মীমুকে নিয়ে বসবাস করতেন। এক বছর আগে তিনি আরেকটি বিয়ে করেন। এ নিয়ে পরিবারে কলহ ছিল। নিহত তানভীরের প্রথম স্ত্রী মীমু পুলিশকে জানান, রাত সাড়ে আটটার দিকে তিনি একটি পারিবারিক অনুষ্ঠানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় তুচ্ছ বিষয় নিয়ে তাঁদের মধ্যে কথাকাটাকাটি হয়। এ সময় তানভীর খুব উত্তেজিত হয়ে পড়েন। তিনি ড্রয়ার থেকে রিভলবার বের করে নিজের মাথায় ঠেকিয়ে গুলি করেন। গুলির শব্দ পেয়ে বাড়ির লোকজন আহত তানভীরকে শমরিতা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। এরপর পরিবারের লোকজন বিষয়টি পুলিশকে না জানিয়ে লাশ ধানমন্ডিতে তাঁর চাচার বাড়িতে তোলে। পুলিশ সেখান থেকে লাশ নিয়ে ঢাকা মেডিকেল মর্গে পাঠিয়ে দেয়। হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, তানভীরের মামা মোশাররফ হোসেন বাদী হয়ে অপমৃত্যুর মামলা করেছেন। সিআইডি পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে। অবৈধ রিভলবারটি কী করে এল, তা পুলিশ তদন্ত করছে। তিনি জানান, রিভলবারের ভেতরে পাঁচ রাউন্ড গুলি পাওয়া গেছে। শ্রমিক মাটিচাপা: গতকাল শনিবার ভূগর্ভস্থ বৈদ্যুতিক তারের কাজ করতে গিয়ে রাজধানীর মিরপুরের ভাষানটেকে মাটিচাপা পড়েন পাঁচ শ্রমিক। হোমিওপ্যাথি মেডিকেল কলেজের সামনে রাস্তার পাশে গর্ত খুঁড়ে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে। পরে দমকল বিভাগ ও সিটি করপোরেশনের লোকজন তাঁদের উদ্ধার করে।