মাদক কেনার টাকা না পেয়ে তরুণের আত্মহত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদক কেনার টাকা না পেয়ে ওয়ালিউল আলী (২৩) নামের এক তরুণ গত শুক্রবার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। পারিবারিক সূত্র জানায়, ওয়ালিউল মা-বাবার সঙ্গে মিরপুর থানার ৪৪/৩ কল্যাণপুরে থাকতেন। গত শুক্রবার সন্ধ্যায় তিনি গাঁজা কেনার জন্য তাঁর মায়ের কাছে টাকা চান। মা টাকা দিতে অস্বীকার করলে ওয়ালিউল শোবার ঘরের পর্দার কাপড় দিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস দেন। ওয়ালিউলের মা নুসরাত তানজিন জানান, দীর্ঘদিন ধরে তাঁর ছেলে মাদকাসক্ত। বহু চেষ্টা করেও তাঁকে ফেরাতে পারেননি। গত বছর উচ্চমাধ্যমিক পাস করলেও মাদকাসক্ত থাকায় ওয়ালিউল আর কলেজে ভর্তি হতে পারেননি। তাঁকে প্রতিদিনই মাদক কেনার জন্য ৫০-১০০ টাকা দিতে হতো। গত শুক্রবার দুপুর ১২টার দিকে ওয়ালিউল মাদক কিনতে তাঁর মায়ের কাছে ১০০ টাকা চায়। মা টাকা দিতে না চাইলে ওয়ালিউল ঘরের দরজা বন্ধ করে বসে থাকেন। তাঁর সাড়া শব্দ না পেয়ে কিছুক্ষণ পর বাড়ির লোকজন দরজা ভেঙে তাঁকে উদ্ধার করেন। মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) মাহবুবুর রহমান জানান, বাংলাদেশ বেতারের কর্মকর্তা শাহীন আলী তিন মাস আগে বদলি হয়ে রাজশাহী থেকে ঢাকায় আসেন। এরপর তিনি স্ত্রী ও দুই সন্তান নিয়ে কল্যাণপুরে ভাড়া বাসায় ওঠেন। গতকাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে ওয়ালিউলের লাশ স্বজনেরা রাজশাহী শহরের হেতেম খাঁয় নিয়ে যান।