মাদক থেকে দূরে থাকার শপথ কয়েক শ শিক্ষার্থীর
স্কুলের ক্লাস তখনো শুরু হয়নি। রাজধানীর মোহাম্মদপুর কিশলয় বালিকা বিদ্যালয়ের প্রাঙ্গণে শিক্ষার্থীরা প্রতিদিনের মতো সমবেত (অ্যাসেম্বলি) হয়েছে। সারি বেঁধে দাঁড়িয়ে জাতীয় সংগীত গাইল। তারপর এক ভিন্নধর্মী আয়োজন।কয়েক শ শিক্ষার্থী হাত তুলে উচ্চ স্বরে বলল, ‘মাদককে না’। ‘মিথ্যাকে না’। আর শপথ করল, কখনো মাদক নেবে না। এরপর সারি বেঁধে ফিরে যায় নিজ নিজ শ্রেণীকক্ষে।গতকাল শনিবার প্রথম আলোর মাদকবিরোধী আন্দোলনের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাদক সচেতনতার কর্মসূচি হিসেবে ওই বিদ্যালয়ে এই আয়োজন করা হয়।প্রথম আলো ট্রাস্টের অধীনে পরিচালিত মাদকবিরোধী আন্দোলনের উদ্যোগে মাদকবিরোধী সচেতনতা কর্মসূচি আয়োজিত ওই অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবারের ভালোবাসা সবাইকে মাদক থেকে দূরে রাখতে পারে।বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী বলে, তারা নিজেরা তো সারা জীবন মাদক থেকে দূরে থাকবেই, পরিবারের অন্য সদস্যদেরও দূরে থাকার পরামর্শ দেবে।অনুষ্ঠানে মাদকের কুফল সম্পর্কে পরামর্শ দেন প্রথম আলো মাদকবিরোধী আন্দোলনের উপদেষ্টা ও বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ মোহিত কামাল, কিশলয় বালিকা বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. রহমত উল্লাহ ও প্রথম আলো বন্ধুসভার সাধারণ সম্পাদক সাইদুজ্জামান রওশন।এ সময় বিদ্যালয়ের সব শিক্ষক উপস্থিত ছিলেন। এ ছাড়া উপস্থিত ছিলেন প্রথম আলো ট্রাস্টের সমন্বয়কারী ফেরদৌস ফয়সাল, ঢাকা বন্ধুসভার সাধারণ সম্পাদক আশফাকুজ্জামান, রবিউল ইসলাম প্রমুখ।