মাদক থেকে বন্ধুদের দূরে রাখতে ছাত্রীদের শপথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদকদ্রব্য থেকে বন্ধুদের দূরে রাখার চেষ্টা করার শপথ নিয়েছেন রাজধানীর এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির ছাত্রীরা। গতকাল বুধবার এই বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদের মিলনায়তনে আয়োজিত মাদকবিরোধী সাংস্কৃতিক অনুষ্ঠানে তাঁরা এই শপথ নেন। ছাত্রীরা বন্ধুদের ধূমপান, সব ধরনের মাদক নেওয়া এবং ইভ টিজিং করা থেকে বিরত থাকার আহ্বানও জানান।‘মাদকমুক্ত সুস্থ জীবন’—এই স্লোগান নিয়ে প্রথম আলো ট্রাস্টের অধীন প্রথম আলো মাদকবিরোধী আন্দোলনের সহায়তায় এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি বন্ধুসভা এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবদুল মতিন পাটোয়ারী। তিনিও শিক্ষার্থীদের মাদককে ‘না’ বলার শপথ গ্রহণ করান। তিনি বলেন, ‘সমাজকে নতুন করে গড়তে হলে মাদকমুক্ত হতে হবে। সুস্থ জীবনযাপনের জন্য মাদক থেকে দূরে থাকতে হবে। এ জন্য মাদককে শুধু “না” বললেই চলবে না, ঘৃণাও করতে হবে।’আবদুল মতিন পাটোয়ারী বলেন, মাদকসেবীদের মাধ্যমে কেউ যেন প্রভাবিত না হন সেদিকে সবাইকে লক্ষ রাখতে হবে। সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মাদকবিরোধী অনুষ্ঠান আয়োজনের জন্য তিনি প্রথম আলোকে ধন্যবাদ জানান।বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের প্রধান মহিউদ্দিন আহমেদ ভূইয়া বলেন, যুবসমাজের প্রাণচাঞ্চল্য নষ্ট করে দেওয়ার জন্য একটি জিনিসই যথেষ্ট, সেটি হচ্ছে মাদক। তাই মাদক ব্যবহারের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে হবে।ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান সিকান্দার আলী এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি ক্যাম্পাসকে সম্পূর্ণ ধূমপানমুক্ত রাখতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।এভারেস্টজয়ী প্রথম বাংলাদেশি মুসা ইব্রাহীম বলেন, যুবসমাজই মাদকের ভয়াবহতার প্রধান শিকার। তাই তাদের মাদক থেকে দূরে থাকতে হবে। প্রয়োজনে মাদকসেবী বন্ধুদের সঙ্গ ত্যাগ করতে হবে।প্রথম আলো বন্ধুসভার জাতীয় পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক সাইদুজ্জামান রওশন বলেন, ‘দেশে প্রতিবছর ১৭ হাজার কোটি টাকার মাদক ব্যবসা হয়। এ টাকায় প্রতিবছরই বঙ্গবন্ধু সেতুর মতো তিনটি সেতু নির্মাণ করা সম্ভব।’অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ওই বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার গাজী আশফাক আহমেদ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক আহমেদ হেলাল, ডা. ওয়াসিয়া আহমেদ।গান, নাচ ও কবিতা আবৃত্তির ফাঁকে ফাঁকে চলে বক্তৃতা। গান, নাচ পরিবেশন ও কবিতা আবৃত্তি করেন এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই। এসব পরিবেশনার মধ্যেও ছিল মাদকদ্রব্যকে ‘না’ বলার আবেদন।