মাদক শুধু সেবনকারীকে ক্ষতিগ্রস্ত করে না, এটি পরিবার, সমাজ ও দেশকে ধ্বংস করে দেয়। গতকাল বৃহস্পতিবার রাজধানীর রাজউক স্কুল অ্যান্ড কলেজ আয়োজিত সচেতনতামূলক ‘স্কুল প্রোগ্রাম’ শীর্ষক অনুষ্ঠানে মহানগর পুলিশের কমিশনার এ কে এম শহীদুল হক এ কথা বলেন।কমিশনার বলেন, শিশুদের ভবিষ্যত্ নাগরিক হিসেবে গড়ে তোলার দায়িত্ব সবার। তাদের সুশিক্ষার পাশাপাশি স্বশিক্ষিত হিসেবে গড়ে তোলা এবং ভালোকে গ্রহণ ও মন্দকে বর্জন করা শেখাতে হবে।লেখক, সাংবাদিক আনিসুল হক বলেন, আলোকিত মানুষ গড়ে সমাজকে পাল্টে দিতে হতোদ্যম হলে চলবে না। বেগম রোকেয়া ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো সব প্রতিকূলতার মধ্য দিয়ে এগিয়ে যেতে হবে। তিনি বলেন, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে দেশকে গড়তে পারলে মহান স্বাধীনতাযুদ্ধে জীবন উত্সর্গকারীদের আত্মত্যাগ সার্থক হবে। রাজউক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ এ এস এম মুশফিকুর রহমান শিক্ষার্থীদের নিরাপদে রাস্তা পারাপারের জন্য কলেজের সামনে ঈশা খাঁ ক্রসিংয়ে একটি ফুটওভারব্রিজ নির্মাণ করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।মহানগর পুলিশের উত্তরা ও ট্রাফিক (উত্তর) বিভাগের উদ্যোগে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন যুগ্ম পুলিশ কমিশনার অমূল্য ভূষণ বড়ুয়া ও শফিকুর রহমান, উপপুলিশ কমিশনার সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর, নিশারুল আরিফ, বিধান ত্রিপুরা প্রমুখ।