মাদক পারমাণবিক বোমার চেয়েও ভয়াবহ: স্বরাষ্ট্রমন্ত্রী
মাদক সমস্যা পারমাণবিক বোমার চেয়েও ভয়াবহ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। তিনি বলেন, পারমাণবিক বোমা একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানকে ধ্বংস করে। কিন্তু মাদক সমাজ, জাতি ও অনাগত ভবিষ্যৎকে ধ্বংস করে।স্বরাষ্ট্রমন্ত্রী গতকাল বৃহস্পতিবার ‘মাদক প্রতিরোধে এনজিওদের ভূমিকা’ শীর্ষক এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। রাজধানীর তেজগাঁওয়ে নিজস্ব সম্মেলন কক্ষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে।স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের আগে বিভিন্ন বেসরকারি সংস্থার কর্মকর্তারা মাদক প্রতিরোধে তাঁদের কর্মকাণ্ড তুলে ধরেন। তাঁদের কেউ কেউ মাদকবিরোধী আন্দোলনকে জোরদার করতে প্রচারের ক্ষেত্রে বিভিন্ন সমস্যা দূরীকরণ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জনবল বৃদ্ধি ও অধিদপ্তরকে শক্তিশালী করার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে আরও শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে। শুধু সরকার নয়, মাদক প্রতিরোধে বেসরকারি এবং স্বেচ্ছাসেবী সংগঠন ও ব্যবসাপ্রতিষ্ঠানকে এগিয়ে আসতে হবে। একটি দিবসকে কেন্দ্র করে নয়, বছরজুড়ে মাদকবিরোধী প্রচার চালাতে হবে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সাংসদ আসাদুজ্জামান খান, অধিদপ্তরের পরিচালক (নিরোদ শিক্ষা) ফারুক আহমেদ, পরিচালক (চিকিৎসা ও পুনর্বাসন) আখতারুজ্জামান মোস্তফা কামাল প্রমুখ।